দফায় দফায় বৃষ্টি কলকাতায়, আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের পূর্বাভাস

কলকাতা : কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাংশে দফায় দফায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবারও দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আপাতত কলকাতায় ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। শহরের আকাশে কখনও রোদ আবার কখনও মেঘলা পরিবেশ দেখা যাচ্ছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকা এবং চড়া রোদের কারণে শহরবাসীকে ভ্যাপসা গরম ও অস্বস্তির মুখোমুখি হতে হচ্ছে। হালকা থেকে মাঝারি ধরনের বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কলকাতায়।

দক্ষিণবঙ্গের ক্ষেত্রে শনিবার ভারী বৃষ্টির তেমন কোনো পূর্বাভাস না থাকলেও বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিশেষ করে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির সম্ভাবনা বেশি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সপ্তাহের ৮ আগস্ট নাগাদ বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ তৈরি হতে পারে। এই নিম্নচাপটি ক্রমশ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হলে আগামী সপ্তাহে রাজ্যজুড়ে বৃষ্টির দাপট অনেকটাই বাড়তে পারে।

পাশাপাশি উত্তরবঙ্গের আবহাওয়া পরিস্থিতি কিছুটা ভিন্ন। উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। আগামী সপ্তাহেও সেখানে বৃষ্টির দাপট অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এর ফলে উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলগুলিতে বিশেষ সতর্কতা বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে এবং নিচু এলাকাগুলি প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 4 =