পারফরম্যান্স দেখে ভারতীয় ক্রীড়াবিদদের নগদ পুরস্কারমূল্য বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এখন থেকে জাতীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদক জিতলে আগের থেকে বেশি টাকা পুরস্কার দেওয়া হবে।
এ বারের কমনওয়েলথ গেমসে ভাল ফল করেছেন ভারতের ক্রীড়াবিদেরা। এখনও পর্যন্ত ১৩টি সোনা, ১৭টি রুপো এবং ৯টি ব্রোঞ্জ জিতেছেন তাঁরা। পারফরম্যান্স দেখে ক্রীড়াবিদদের নগদ পুরস্কারমূল্য বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এখন থেকে জাতীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদক জিতলে আগের থেকে বেশি টাকা পুরস্কার দেওয়া হবে। এর মধ্যে কমনওয়েলথ তো বটেই, অলিম্পিক্স, এশিয়ান গেমস, বিশ্ব চ্যাম্পিয়নশিপ এবং আরও যুব ও প্যারা স্পোর্টসও রয়েছে।
অলিম্পিক্সে কোনও ভারতীয় ক্রীড়াবিদ সোনা জিতলে ১ কোটি টাকা পাবেন। রুপো জিতলে ৭৫ লক্ষ এবং ব্রোঞ্জ জিতলে মিলবে ৫০ লক্ষ। চার বছর অন্তর হওয়া বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতলে ৮০ লক্ষ টাকা পাওয়া যাবে। প্রতি বছর যে বিশ্বচ্যাম্পিয়নশিপ হয়, সেখানে সোনা জিতলে মিলবে ৫০ লক্ষ টাকা।
এশিয়ান গেমসে সোনাজয়ীরা পাবেন ৫০ লক্ষ টাকা। রুপো পেলে ৩০ লক্ষ, ব্রোঞ্জ জিতলে ২৫ লক্ষ টাকা মিলবে। কমনওয়েলথ গেমসে সোনা, রুপো, ব্রোঞ্জজয়ীরা পাবেন যথাক্রমে ২৫ লক্ষ, ১৫ লক্ষ এবং ১০ লক্ষ টাকা।
যুব অলিম্পিক্সে পদকজয়ীদের ১৫ থেকে ২৫ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। যুব এশিয়ান গেমস এবং বিশ্ব বিশ্ববিদ্যালয় গেমসে পদক জিতলে ১৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক পুরস্কার পাওয়া যাবে। এ ছাড়া, দাবা গ্র্যান্ডমাস্টার হলেই পাওয়া যাবে ১ কোটি টাকা। আন্তর্জাতিক মাস্টার হলে মিলবে ৭৫ লক্ষ টাকা।
জাতীয় প্রতিযোগিতায় সিনিয়র পর্যায়ে সোনা জিতলে ২৫ লক্ষ টাকা মিলবে। জুনিয়রেরা পাবেন ১৫ লক্ষ টাকা। স্কুল এবং বিশ্ববিদ্যালয় গেমসেও টাকার অঙ্ক বাড়ানো হয়েছে।

