ফিফার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফুটবল উৎসবে প্রথম ম্যাচেই জয় পেল ভারত। শনিবার আজারবাইজানের বাকুতে লাওসকে ৪-২ গোলে হারিয়ে প্রতিযোগিতা শুরু করল ভারতের অনূর্ধ্ব-১৫ পুরুষ দল। ম্যাচে জোড়া গোল করে নজর কাড়লেন আর লালরেমরুয়াতফেলা। অধিনায়ক ম্যাকডনিশ এনগাইরাংবাম ও সৌম্যজিৎ সরকার একটি করে গোল করেন। দুই গোলের ব্যবধান তৈরি করেও মাঝপথে সমতা হারিয়েছিল ভারত। তবে শেষ দিকে পরপর দু’টি গোল করে জয় নিশ্চিত করে তারা।
শুরু থেকেই আক্রমণে ঝড় তোলে বিবিয়ানো ফার্নান্ডেজের ভারত। সপ্তম মিনিটে দীপক সিং আরামবামের পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন ম্যাকডনিশ। চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন লালরেমরুয়াতফেলা। দীপকের গায়ে লেগে লাওসের ক্লিয়ার করা বল তাঁর কাছে পৌঁছেছিল। সুযোগ কাজে লাগিয়ে বাঁ পায়ের শটে বল জালে পাঠান তিনি।
কিন্তু ভারতীয় দলের সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১২ মিনিটে দূর থেকে শট নিয়ে লাওসের হয়ে ব্যবধান কমান আনাভিন জাইয়াসোনে। প্রথমার্ধে আর কোনও গোল হয়নি। বিরতির পর ২৪ মিনিটে ফের ধাক্কা খায় ভারত। বক্সের বাইরে থেকে শটে গোল করে লাওসকে সমতায় ফেরান সৌকসাভান সিলিসেং।
সমতা ফেরার পর ম্যাচে ফের মনোযোগ বাড়ায় ভারত। প্রতিপক্ষের অর্ধে আক্রমণের চাপ বাড়াতে থাকে তারা। ৩১ মিনিটে সৌমোজিতের পাস থেকে দূরপাল্লার শটে নিজের দ্বিতীয় গোল করেন লালরেমরুয়াতফেলা। তাতেই আবার এগিয়ে যায় ভারত। এর পর ৩৩ মিনিটে ম্যাচের অন্যতম সেরা গোলটি করেন সৌম্যজিৎ। প্রায় মাঝমাঠের কাছ থেকে তাঁর নেওয়া শট গোলকিপারকে টপকে জালে ঢুকে যায়।
এর পর বাকি সময়টুকু সাবধানে খেলে ব্যবধান ধরে রাখে ভারত। শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে দল। এই জয়ে প্রতিযোগিতার শুরুতেই আত্মবিশ্বাস বাড়ল ভারতীয় ফুটবলারদের।
রবিবার ভারতের সামনে রয়েছে দু’টি ম্যাচ। সকাল ১০টা ৩০ মিনিটে ক্যামেরুন এবং বিকেল ৫টা ১৫ মিনিটে গ্রানাডার মুখোমুখি হবে দল। ২৬ অক্টোবর বাহরিন ও সেনেগালের বিরুদ্ধে খেলবে তারা। পাঁচটি ম্যাচের ফলের ভিত্তিতে পরবর্তী পর্বের জন্য দলগুলিকে বিভিন্ন স্তরে ভাগ করা হবে।

