এশিয়ান প্যারা গেমসে নতুন ইতিহাস লিখল ভারত। নাগোয়ায় আয়োজিত প্রতিযোগিতায় মোট ১১৪টি পদক জিতে নিজেদের সর্বকালের সেরা পারফরম্যান্স উপহার দিলেন ভারতীয় প্যারা অ্যাথলিটরা। পদক তালিকায় চতুর্থ স্থানে শেষ করল ভারত। এই ঐতিহাসিক সাফল্যে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত গোটা দেশ। প্রতিযোগিতা শেষ হওয়ার পর ভারতীয় খেলোয়াড়দের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অ্যাথলিটদের লড়াই, অধ্যবসায় এবং অসাধারণ সাফল্যের প্রশংসা করে তাঁদের কৃতিত্বকে দেশের গর্ব বলে উল্লেখ করেছেন তিনি।
এর আগে ২০২২ সালে চিনের হাংঝৌয়ে অনুষ্ঠিত প্যারা এশিয়ান গেমসে ১১১টি পদক জিতেছিল ভারত। সেই প্রতিযোগিতায় ২৯টি সোনা, ৩১টি রুপো এবং ৫১টি ব্রোঞ্জ জিতে পদক তালিকায় পঞ্চম স্থানে শেষ করেছিল দেশের প্যারা অ্যাথলিটরা। এবার সেই রেকর্ডকেও ছাপিয়ে গেল ভারত। আগের বারের তুলনায় পদকসংখ্যা বেড়েছে তিনটি। পাশাপাশি, এক ধাপ উন্নতি করে চতুর্থ স্থানে উঠে এসেছে ভারত।
এই সাফল্যের পর সমাজমাধ্যম এক্সে ভারতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। তাঁর বক্তব্য, এশিয়ান প্যারা গেমসে ১১৪টি পদক জিতে ভারতের সর্বকালের সেরা ফল অত্যন্ত গর্বের বিষয়। দেশের প্রতিটি নাগরিকের কাছে এই সাফল্য আনন্দের মুহূর্ত বলেও উল্লেখ করেছেন তিনি। পাশাপাশি, দলের প্রত্যেক সদস্যকে তাঁদের অদম্য মানসিকতা এবং কঠোর পরিশ্রমের জন্য শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, এই ঐতিহাসিক সাফল্যের পিছনে প্রত্যেক পদকজয়ী অ্যাথলিটের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাঁদের কৃতিত্ব ভবিষ্যতে আরও অনেক ভারতীয়কে খেলাধুলোর জগতে এগিয়ে যেতে উৎসাহিত করবে।
এবারের প্রতিযোগিতায় ৩০টি সোনা, ৩৫টি রুপো এবং ৪৯টি ব্রোঞ্জ জিতেছে ভারত। সব মিলিয়ে পদকসংখ্যা ১১৪। তালিকার শীর্ষে রয়েছে চিন। তাদের ঝুলিতে মোট ৪২৭টি পদক, যার মধ্যে ২০৪টি সোনা। দ্বিতীয় স্থানে থাকা জাপান পেয়েছে ১৮৫টি পদক। ১৪৫টি পদক নিয়ে তৃতীয় স্থানে রয়েছে উজবেকিস্তান। ভারতের পরেই রয়েছে দক্ষিণ কোরিয়া। তারা ২৮টি সোনা-সহ মোট ৯৭টি পদক জিতেছে। ইরানের সংগ্রহ ৮৭টি পদক।
ভারতের এই সাফল্যের গুরুত্ব আরও বেশি, কারণ এবার তুলনামূলকভাবে ছোট দল নিয়ে প্রতিযোগিতায় অংশ নিয়েছিল দেশ। মাত্র ১৬৮ জন অ্যাথলিটকে নিয়ে নাগোয়ায় গিয়েছিল ভারতীয় দল। আগের প্রতিযোগিতার তুলনায় দলের আকার প্রায় অর্ধেক হলেও পারফরম্যান্সে তার কোনও নেতিবাচক প্রভাব পড়েনি। বরং একাধিক বিভাগে ধারাবাহিক সাফল্য এনে দিয়েছেন ভারতীয় খেলোয়াড়রা।
পদক জয়ের ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান প্যারা অ্যাথলেটিক্সের। এই বিভাগ থেকেই এসেছে মোট ৬৫টি পদক। তার মধ্যে রয়েছে ২২টি সোনা, ১৯টি রুপো এবং ২৪টি ব্রোঞ্জ। প্যারা ব্যাডমিন্টনে ভারত পেয়েছে ১৬টি পদক। প্যারা সাঁতার থেকে এসেছে আরও ১১টি পদক। প্যারা আর্চারিতে তিনটি সোনা-সহ মোট ছ’টি পদক জিতেছেন ভারতীয়রা। অন্যদিকে, প্যারা শুটিংয়ে পাঁচটি পদকের মধ্যে দু’টি সোনা রয়েছে। প্যারা টেবিল টেনিস, প্যারা জুডো এবং প্যারা পাওয়ারলিফটিংয়েও সাফল্য পেয়েছেন দেশের প্রতিনিধিরা।
প্রতিযোগিতার শেষ দিনেও পদক জয়ের ধারা অব্যাহত ছিল ভারতের। শেষ দিনে ন’টি সোনা জিতে নিজেদের মোট সংগ্রহকে আরও সমৃদ্ধ করেন অ্যাথলিটরা। সব মিলিয়ে ১১৪টি পদক নিয়ে নতুন নজির গড়ে দেশে ফিরছে ভারতীয় দল। সীমিত সংখ্যক অ্যাথলিট নিয়ে এই সাফল্য শুধু পদক তালিকায় উন্নতিই নয়, আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্যারা স্পোর্টসের ক্রমবর্ধমান শক্তিরও প্রমাণ।

