নয়াদিল্লি : প্রায় ৬ দশকের হিংসার পর ভারত এখন নকশাল-মুক্ত, বুধবার সংসদে এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। রাজ্যসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানিয়েছেন, “প্রায় ৬ দশকের হিংসা কাটিয়ে দেশ নকশাল-এর কবল থেকে মুক্ত হয়েছে— যে সমস্যাটি একসময় দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য অন্যতম বড় ঝুঁকি হিসেবে বিবেচিত হতো। নকশাল মোকাবিলায় জাতীয় নীতি ও কর্মপরিকল্পনা, ২০১৫-এর দৃঢ় বাস্তবায়ন এবং কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সমন্বিত প্রচেষ্টার ফলেই এই সাফল্য অর্জিত হয়েছে। বর্তমানে কোনও জেলাকেই আর নকশাল-কবলিত হিসেবে চিহ্নিত করা হয় না।”
নিত্যানন্দ রাই জানিয়েছেন, নকশাল-কবলিত জেলার সংখ্যা ২০১৮ সালের এপ্রিলে ১২৬ থেকে কমে ৯০-এ নেমে আসে; এরপর ২০২১ সালের জুলাইয়ে তা ৭০, ২০২৪ সালের এপ্রিলে ৩৮, ২০২৫ সালের ডিসেম্বরে ৮ এবং ২০২৬ সালের মার্চ/এপ্রিল নাগাদ ‘শূন্য’-তে এসে দাঁড়ায়।
বর্তমানে ৩৭টি জেলাকে ‘লেগ্যাসি অ্যান্ড থ্রাস্ট’ জেলা হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে; এগুলি আর নকশাল-কবলিত নয়, তবে অর্জিত পরিস্থিতি সুসংহত করার লক্ষ্যে নিরাপত্তা ও উন্নয়নমূলক পদক্ষেপের ক্ষেত্রে আরও কিছু সময় সহায়তা অব্যাহত রাখা প্রয়োজন। একটি জেলাকে ‘ডিস্ট্রিক্ট অফ কনসার্ন’ বা ‘উদ্বেগজনক জেলা’র শ্রেণিতে রাখা হয়েছে।

