পাকিস্তানকে ফের মাটিতে নামাল ভারত, দশম সাফ জয়ের নায়ক সন্দীপ

পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপটের কাহিনি নতুন নয়। যুদ্ধের ময়দান থেকে ক্রীড়াক্ষেত্র, প্রতিবেশীকে বারবার নিজেদের শক্তি বুঝিয়ে দিয়েছে ভারত। মঙ্গলবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে ফুটবলের ময়দানেও তার ব্যতিক্রম হল না। সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে দশমবারের জন্য চ্যাম্পিয়ন হল ভারত। একটা সময় মনে হয়েছিল, হয়তো খেতাব ধরে রাখা কঠিন হয়ে পড়বে নৌশাদ মুসার দলের। কিন্তু শেষ পর্যন্ত হার মানতে হল পাকিস্তানকে। আর ভারতের জয়ের নায়ক সন্দীপ মান্ডি। তাঁর ৮৮ মিনিটের গোলেই নিশ্চিত হল ঐতিহাসিক জয়।

শুরু থেকেই আক্রমণে ঝড় তুলেছিল পাকিস্তান। প্রথম ২৫ মিনিটে একাধিকবার ভারতীয় রক্ষণকে পরীক্ষার মুখে পড়তে হয়। ১৭ মিনিটে আলি খানের আক্রমণ সামলাতে গোল ছেড়ে বেরিয়ে আসেন অর্শ শেখ। পরের মিনিটে ম্যাককিল আবদুল্লার দুরন্ত অ্যাক্রোবেটিক শটও আটকে দেন ভারতীয় গোলরক্ষক। ২২ মিনিটে গোললাইন থেকে বল ক্লিয়ার করতে হয় ভারতীয় ফুটবলারকে। তবে ৩৪ মিনিটে অভিষেক সূর্যবংশীর জোরালো ভলি আটকে পাকিস্তানকে স্বস্তি দেন গোলরক্ষক ইউসুফ বাট।

প্রথমার্ধের একেবারে শেষদিকে গোল হজম করে ভারত। ৪৫ মিনিটের সংযুক্ত সময়ে জুনেইদ শাহের নিচু পাস খাইমিনথাং লুংডিমের গায়ে লেগে দিক পরিবর্তন করে। সেই বল পেয়ে আলমগির ঘাজি একবার পা ছুঁইয়ে দূরের কোণে জালে পাঠিয়ে দেন। বিরতিতে ১-০ গোলে পিছিয়ে ভারত।

দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামেন ম্যাকার্টন নিকসন। ৫১ মিনিটে তাঁর পাস থেকে বিষ্ণুর শট পোস্টে লেগে ফিরে আসে। এরপর ৫৯ মিনিটে ব্রাইসন ফার্নান্ডেজের পায়ে বিপজ্জনকভাবে স্ট্যাম্প করায় সরাসরি লাল কার্ড দেখেন জুনেইদ শাহ। দশজনের পাকিস্তানের বিরুদ্ধে তখন আক্রমণের ঝড় তোলে ভারত। ৬০ মিনিটেই সমতা ফেরান সুহেল ভাট। লুংডিমের ক্রস থেকে ম্যাকার্টনের শট ঠিকমতো না লাগলেও বল পেয়ে প্রথম স্পর্শেই জালে পাঠান সুহেল।

এরপর একের পর এক আক্রমণে পাকিস্তানকে কোণঠাসা করে ভারত। ৮৮ মিনিটে আবদুল রবির কর্নার থেকে মাথা ছুঁইয়ে গোল করেন সন্দীপ মান্ডি। মাটিতে পড়ে বাউন্স খেয়ে বল ঢুকে যায় গোলের ডান দিকের উপরের কোণে। উচ্ছ্বাসে জার্সি খুলে ছুটে যান সন্দীপ। শেষদিকে সমতা ফেরানোর মরিয়া চেষ্টা চালিয়েছিল পাকিস্তান। কিন্তু ভারতীয় রক্ষণে ফাটল ধরাতে পারেনি। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই উৎসব শুরু ভারতীয় শিবিরে। পাকিস্তানের বিরুদ্ধে আরও এক জয়, আর দক্ষিণ এশিয়ার ফুটবলে দশমবার শ্রেষ্ঠত্বের মুকুট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *