ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, পাবেন ৪ থেকে ৬০ বছর বয়সীরা

নয়াদিল্লি : জাতীয় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচীকে আরও শক্তিশালী করতে ভারতের কেন্দ্রীয় ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন দেশের প্রথম ডেঙ্গু ভ্যাকসিন ‘কিউডেঙ্গা’-কে বাজারজাত করার অনুমোদন করেছে। ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, দেশের প্রথম ডেঙ্গু ভ্যাকসিনের এই অনুমোদন জনস্বাস্থ্য ক্ষেত্রে এক বড় মাইলফলক।

কিউডেঙ্গা টিকাটি ৪ থেকে ৬০ বছর বয়সী মানুষের জন্য অনুমোদন পেয়েছে। ভারতের সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (সিডিএসসিও) টিকাটির গুণগত মান, নিরাপত্তা ও কার্যকারিতা পর্যালোচনার পর অনুমোদন দেয়। টিকাটি তিন মাসের ব্যবধানে দুই ডোজে দেওয়া হবে।

৪ থেকে ৬০ বছর বয়সী ব্যক্তিদের ডেঙ্গু রোগ প্রতিরোধের জন্য এই ভ্যাকসিনটি প্রয়োগ করা যাবে। এই টিকাদানের ক্ষেত্রে ০.৫ মিলিলিটারের দুটি ডোজ অন্তর্ভুক্ত রয়েছে, যা তিন মাসের ব্যবধানে প্রয়োগ করতে হয়। ডেঙ্গু-প্রবণ এবং ডেঙ্গু-প্রবণ নয় – উভয় অঞ্চলেই ভ্যাকসিনটির নিরাপত্তা, রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরির সক্ষমতা এবং কার্যকারিতা মূল্যায়নের লক্ষ্যে একটি আন্তর্জাতিক ক্লিনিক্যাল উন্নয়ন কর্মসূচির তথ্যের ভিত্তিতে এই অনুমোদন দেওয়া হয়েছে।

ব্রাজিল, থাইল্যান্ড এবং শ্রীলঙ্কা-সহ আটটিরও বেশি দেশে এই পরীক্ষা চালানো হয়েছিল। টিকাটি ইতিমধ্যেই ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটেন, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং থাইল্যান্ড-সহ ৪২টি দেশে অনুমোদন পেয়েছে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা-র প্রাক-যোগ্যতা স্বীকৃতিও লাভ করেছে। বিশ্বজুড়ে এই ভ্যাকসিনের ২ কোটি ৪০ লক্ষেরও বেশি ডোজ বিতরণ করা হয়েছে। যে সব দেশে ভ্যাকসিনটি ব্যবহৃত হচ্ছে, সেখানে ইতিবাচক ফল মিলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + ten =