কলকাতা : “আমি শুধু তৃণমূলকে সাবধান করতে চাই— বিজেপি কার্যকর্তাদের ওপর এই ধরনের অত্যাচার বন্ধ না হলে বিজেপিও চুপ করে বসে থাকবে না। পশ্চিমবঙ্গে আজকের বিজেপি কিন্তু অন্যায়ের প্রতিরোধ করতে সক্ষম।” বুধবার নন্দীগ্রামে এবং এক্সবার্তায় এই ভাষায় হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
অভিযোগকারীর সঙ্গে ২ মিনিট ২ সেকেন্ডের কথোপকথনের ভিডিয়ো যুক্ত করে তিনি লিখেছেন, “তৃণমূল কংগ্রেস নন্দীগ্রামে তাদের চিরাচরিত সংকীর্ণ রাজনীতির পরিচয় দিতে শুরু করেছে। বিশ্বের বৃহত্তম দল বিজেপির মাইনরিটি মোর্চার রাকিবুলসহ রাষ্ট্রবাদী মুসলিম ভাইদের সামাজিকভাবে বয়কট, এমন কি পানীয় জল টুকু বন্ধ করার মতো অত্যাচার শুরু করেছে। যদিও এই মধ্যযুগীয় বর্বরতার কাছে আমার রাষ্ট্রবাদী সংখ্যালঘু মুসলিম ভাইরা নতি স্বীকার করেননি।
ঘটনার খবর পেয়ে আজ ভেকুটিয়া অঞ্চলের দেওয়ান চক গ্রামে বিজেপি মাইনরিটি মোর্চার রাকিবুল ভাইসহ অন্যান্য রাষ্ট্রবাদী মুসলিম ভাইদের সঙ্গে দেখা করে সর্বতোভাবে পাশে থাকার আশ্বাস দিলাম।
বিজেপি করা তো কোনও অপরাধ নয়। ভারতবর্ষের সংবিধান মোতাবেক দেশের সমস্ত নাগরিকদের তাদের নিজস্ব মত, বিশ্বাস ও পথ নির্বাচন করার অধিকার রয়েছে। এই বিষয়ে কারও কোনো রকম হস্তক্ষেপ ভারতের সংবিধানকে সরাসরি চ্যালেঞ্জ করার সামিল এবং শাস্তিযোগ্য অপরাধ।
কিন্তু তৃণমূল কংগ্রেস তো দেশের আইন, সংবিধান কিছুই মানে না, তাই এই ধরনের মধ্যযুগীয় বর্বরতার নজির নতুন কিছু নয়। তৃণমূল এই ধরনের কাজ যত করবে, তত মানুষের থেকে দূরে সরে যাবে।”

