৬ জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে ছুটি রাজ্যে, জীরাটের পৈতৃক বাড়ির সংস্কারে বরাদ্দ ২০০ কোটি : রাজ্য বাজেটে ঘোষণা

কলকাতা : এ বার থেকে ৬ জুলাই রাজ্যে সরকারি ছুটি থাকবে। সোমবার রাজ্য বাজেটে এই বড় ঘোষণা করা হয়েছে। পশ্চিমবঙ্গের ইতিহাসে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অনবদ্য অবদানকে স্মরণ ও সম্মান জানাতেই রাজ্যের বিজেপি সরকার এই বিশেষ সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৬ জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী। এই বছর থেকে প্রতি বছর এই দিনটিতে রাজ্য সরকারি কর্মচারীরা ছুটি পাবেন।

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এ বছর রাজ্য জুড়ে নানা অনুষ্ঠান ও বড়সড় উদ্যোগের পরিকল্পনা নেওয়া হয়েছে। বলাগড়ের জীরাটে তাঁর যে পৈতৃক বাড়ি রয়েছে, তা সম্পূর্ণ সংস্কার করা হবে। শুধু তাই নয়, সেখানে তাঁর একটি ১২৫ ফুট উঁচু বিশাল মূর্তি স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সামগ্রিক এই প্রকল্পের জন্য রাজ্য বাজেটে ২০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে।

পশ্চিমবঙ্গের সৃষ্টি এবং ইতিহাসের পটভূমিতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদানকে আমজনতার সামনে তুলে ধরতে একাধিক পদক্ষেপ করছে বর্তমান রাজ্য সরকার। সম্প্রতি ২০ জুন দিনটিকে ‘পশ্চিমবঙ্গ দিবস’ হিসেবে পালন করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার সঙ্গেও জড়িয়ে রয়েছে তাঁর ঐতিহাসিক ভূমিকা। এ ছাড়াও গত ২১ জুন থেকে তাঁর স্মৃতি-পক্ষ পালনেরও নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × five =