নয়াদিল্লি : জাপানের আইচি-নাগোয়ায় সদ্য সমাপ্ত এশিয়ান প্যারা গেমস ২০২৬-এ ভারতের ঐতিহাসিক সাফল্যে প্যারা-অ্যাথলিটদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রেকর্ডসংখ্যক ১১৪টি পদক জিতে দেশকে গর্বিত করায় অ্যাথলিটদের অদম্য লড়াই ও একাগ্রতার উচ্ছ্বসিত প্রশংসাও করেন তিনি।
রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ প্রধানমন্ত্রী লেখেন, “আইচি-নাগোয়ায় সদ্য সমাপ্ত এশিয়ান প্যারা গেমস ২০২৬-এ আমাদের প্যারা-অ্যাথলিটদের অসাধারণ এক সাফল্য! রেকর্ড ১১৪টি পদক জয় করে এই গেমসের ইতিহাসে নিজেদের সর্বকালের সেরা পারফরম্যান্স তুলে ধরেছে ভারত। সমগ্র দেশের জন্য এটি অপরিসীম গর্ব ও আনন্দের মুহূর্ত।”
দলের সকল সদস্যকে কুর্নিশ জানিয়ে প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, “আমাদের দলের প্রত্যেক সদস্যের অবিচল সংকল্প ও ইচ্ছাশক্তিকে আমি আন্তরিক অভিনন্দন জানাই। প্রতিটি অ্যাথলিট এই ঐতিহাসিক অর্জনে অবদান রেখেছেন এবং নিজেদের অবিশ্বাস্য সাফল্যের মধ্য দিয়ে কোটি কোটি ভারতবাসীকে অনুপ্রাণিত করেছেন।”
উল্লেখ্য, এবারের আসরে ভারত ৩০টি স্বর্ণ, ৩৫টি রুপো ও ৪৯টি ব্রোঞ্জ সহ সর্বমোট ১১৪টি পদক পেয়ে পদক তালিকায় চতুর্থ স্থানে নিজেদের অভিযান শেষ করেছে, যা প্যারা গেমসের ইতিহাসে ভারতের সর্বকালের সেরা রেকর্ড।

