নয়াদিল্লি : ২০২৬ সালের জুলাই মাসে দিল্লির জন্তর মন্তর এবং দিল্লির বাইরের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া হিংসার ঘটনার তদন্তে গঠিত উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি প্রভাবিত ব্যক্তিদের অভিযোগ ও পরামর্শ গ্রহণের জন্য একটি পোর্টাল চালু করেছে। সুপ্রিম কোর্টের নির্দেশে এই কমিটি গঠন করা হয়েছিল।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, প্রভাবিত ব্যক্তি, পুলিশকর্মী এবং অন্যান্য সংশ্লিষ্ট পক্ষের সুবিধার জন্য কমিটি http://hpec.nic.in পোর্টালটি চালু করেছে। এর মাধ্যমে প্রভাবিত ব্যক্তিরা নির্ধারিত ফরম্যাটে নিজেদের অভিযোগ, লিখিত বক্তব্য এবং সংশ্লিষ্ট নথিপত্র জমা দিতে পারবেন।
কমিটি সুপ্রিম কোর্টের ১৮ আগস্ট ২০২৬-এর নির্দেশের ১২ ও ১৩ নম্বর অনুচ্ছেদ এবং ১০ সেপ্টেম্বর ২০২৬-এর নির্দেশের ৫(i) নম্বর অনুচ্ছেদে উল্লিখিত সমস্ত বিষয় খতিয়ে দেখবে। তদন্তে পেলেট গানের ব্যবহার, মহিলা বিক্ষোভকারীদের নিশানা করে হিংসা ও হয়রানি এবং উভয় পক্ষের তরফে অতিরিক্ত হিংসা ও সম্পত্তির ক্ষয়ক্ষতির ঘটনাগুলিকে অগ্রাধিকার দেওয়া হবে।
মন্ত্রক জানিয়েছে, সংবেদনশীল সাক্ষীদের যথাযথ সুরক্ষা নিশ্চিত করার কথা মাথায় রেখেই পোর্টালটি তৈরি করা হয়েছে। প্রভাবিত ব্যক্তিরা চাইলে তাঁদের পরিচয় গোপন রাখা হবে এবং তা প্রকাশ করা হবে না। এই ঘটনাগুলির বিষয়ে তথ্য বা পরামর্শ দিতে আগ্রহী অন্য ব্যক্তিরাও পোর্টালের মাধ্যমে নিজেদের বক্তব্য জানাতে পারবেন। অভিযোগ, লিখিত বক্তব্য ও অন্যান্য সংশ্লিষ্ট নথি সরাসরিও কমিটির দফতরে জমা দেওয়া যাবে।
কমিটির দফতর রয়েছে নয়াদিল্লির ১৭, রাউস অ্যাভিনিউ ইনস্টিটিউশনাল এরিয়া, শিক্ষা সদনে (পিন—১১০০০২)। সমস্ত কর্মদিবসে দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত সেখানে নথিপত্র জমা দেওয়া যাবে। সংশ্লিষ্ট নথি ডাকযোগেও পাঠানো যাবে। এ ছাড়া hpec2026.enquiry@nic.in ইমেল ঠিকানায়ও অভিযোগ ও নথি পাঠানো যাবে।

