অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয় ভাঙায় স্থগিতাদেশ হাই কোর্টের

কলকাতা : আমতলায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয় ভাঙায় স্থগিতাদেশ দিল হাইকোর্ট। আদালত সূত্রে খবর, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন করে কোনও পদক্ষেপ করা যাবে না বলে জানানো হয়েছে। শনিবারের পরে রবিবারও অভিষেকের আমতলার দফতর ভাঙতে নিয়ে আসা হয় একাধিক যন্ত্রপাতি। তার আগে শনিবার রাতভর কার্যালয় থেকে বের করা হয়েছে জিনিসপত্র। অভিযোগ, বেআইনিভাবে নির্মাণ করা হয়েছিল ওই কার্যালয়।

এদিকে, আমতলায় অভিষেকের কার্যালয় ভাঙার ঘটনায় কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করে লিপস অ্যান্ড বাউন্ডস প্রাইভেট লিমিটেড। সূত্রের খবর, আমতলার ওই কার্যালয়ের মালিক ওই সংস্থা। রবিবার জরুরি ভিত্তিতে শুনানির আর্জি জানানো হয় হাই কোর্টে। বিচারপতি রাজা বসু চৌধুরীর এজলাসে শুনানি হয়।

রবিবার আদালতে সংস্থার আইনজীবী দাবি করেন, আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ের একাংশ ভাঙার আগে লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার ডিরেক্টরকে নোটিস পাঠানো হয়েছিল। কারণ, ওই সংস্থার নামে ভবনের জমি কেনা হয়েছিল| কিন্তু ভবনের মালিককে শুনানির জন্য কোনও নোটিসই দেওয়া হয়নি। আদালত জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এখন যে অবস্থায় ভবনটি রয়েছে, তা-ই বহাল থাকবে। নতুন করে কোনও পদক্ষেপ করা যাবে না|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + 20 =