সিজেপি মুখপাত্র সৌরভ দাসের বাড়ির ঠিকানা প্রকাশের অভিযোগ, হাইকোর্টের নোটিস

নয়াদিল্লি : ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র মুখপাত্র সৌরভ দাসের আবাসিক ঠিকানা প্রকাশ্যে আনার অভিযোগে দায়ের হওয়া মামলায় মিডিয়া কমেন্টেটর অভিজিৎ আইয়ার মিত্র, নিউজ প্ল্যাটফর্ম লিগ্যাল বিট, জয়পুর ডায়লগস, সানডে গার্ডিয়ান-সহ কয়েকটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টকে নোটিস জারি করল দিল্লি হাইকোর্ট। বিচারপতি সচিন দত্ত মামলার পরবর্তী শুনানি ১৪ সেপ্টেম্বর ধার্য করেছেন।

সৌরভ দাস প্রতিপক্ষের বিরুদ্ধে গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ তুলে দিল্লি হাইকোর্টে আবেদন করেছেন। মামলায় তিনি ২ লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবিও জানিয়েছেন। তাঁর অভিযোগ, প্রতিপক্ষরা নিজেদের অ্যাকাউন্ট থেকে তাঁর আবাসিক ঠিকানা প্রকাশ করে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের চেষ্টা করেছে। ঠিকানা সংক্রান্ত আপলোড করা ভিডিও ও পোস্টগুলি সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়ারও আবেদন জানিয়েছেন তিনি।

আবেদনে সৌরভ দাস জানিয়েছেন, ২০২৫ সাল থেকে তিনি গ্রেটার কৈলাস-১ এলাকায় ভাড়া বাড়িতে থাকছেন। তাঁর অভিযোগ, ‘দ্য প্যামফলেট’-এর প্রতিনিধিরা অনুমতি ছাড়াই ওই বাড়িতে ঢুকে ঘরের ভিতরের অংশের ভিডিও রেকর্ড করেন এবং ৫ আগস্ট সেটি সমাজমাধ্যম ‘এক্স’-এ প্রকাশ করেন। ওই ভিডিওতে তাঁর আবাসিক ঠিকানা স্পষ্ট ভাবে প্রকাশ হয়ে যায়। অভিযোগ, ভিডিওটি ২০ লক্ষেরও বেশি মানুষ দেখেছেন।

আবেদনে আরও বলা হয়েছে, ‘লবিট’ নামে একটি ওয়েবসাইটে অভিজিৎ আইয়ার মিত্র তাঁর প্রতিবেশীর নাম ভুল ভাবে উল্লেখ করেন এবং বাড়িটির মাসিক ভাড়া ৭ লক্ষ টাকা বলে দাবি করেন। সৌরভ দাসের অভিযোগ, ৫ আগস্ট তিনি পুলিশের কাছে বিষয়টি নিয়ে অভিযোগ জানালেও কোনও পদক্ষেপ করা হয়নি। বরং পরবর্তীকালে আরও ভিডিও প্রকাশ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 2 =