প্রবল বৃষ্টিতে ভেঙে গেল বাঁশের সাঁকো, যাতায়াতে ভোগান্তি! ১২ কিলোমিটার ঘুরপথে যাতায়াত একাধিক গ্রামের মানুষের

কলকাতা : প্রবল বৃষ্টির জেরে ভেঙে পড়েছে কেঠিয়া খালের উপর তৈরি বাঁশের সাঁকো। যার ফলে চরম সমস্যায় পড়েছেন একাধিক গ্রামের বাসিন্দারা। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ভগবন্তপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের খুড়শি এলাকার।প্রতিবছর বর্ষার সময় প্রবল বৃষ্টিতে জলের তোড়ে ভেঙে যায় এই বাঁশের সাঁকো। মূল ভূখণ্ডের সঙ্গে বিচ্ছিন্ন একাধিক গ্রাম। নদী রক্ত প্রান্তে রয়েছে স্কুল কলেজ হসপিটাল।

এই সাঁকোর উপর দিয়েই প্রতিদিন যাতায়াত করেন একাধিক গ্রামের মানুষ। সাঁকো ভেঙে যাওয়ায় বর্তমানে বাজার-হাট থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় কাজে যেতে প্রায় ১২ কিলোমিটার ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে তাঁদের।স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ বাম আমল থেকে আজ পর্যন্ত কেঠিয়া খালের উপর তৈরি হয়নি কোনও স্থায়ী কংক্রিটের সেতু। বারবার বাঁশের সাঁকো তৈরি করেই কোনওরকমে যাতায়াতের ব্যবস্থা করতে হয়। কিন্তু বর্ষা এলেই সেই একই সমস্যার পুনরাবৃত্তি ঘটে।

বর্তমানে রাজ্যে সরকার পরিবর্তনের পর নতুন করে আশায় বুক বাঁধছেন এলাকার বাসিন্দারা। তাঁদের দাবি, এবার অন্তত কেঠিয়া খালের উপর একটি স্থায়ী কংক্রিটের সেতু নির্মাণ করা হোক, যাতে বছরের পর বছর এই দুর্ভোগ থেকে মুক্তি পান সাধারণ মানুষ।

এখন দেখার, এলাকাবাসীর দীর্ঘদিনের এই দাবি পূরণে প্রশাসন কতটা দ্রুত উদ্যোগী হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *