পিটিএস ব্যারাক থেকে কলকাতা পুলিশের কমান্ডোর ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য লালবাজারে

কলকাতা : শনিবার কলকাতার আলিপুরে পুলিশ ট্রেনিং স্কুলের (পিটিএস) চতুর্থ তলার শৌচাগার থেকে কলকাতা পুলিশের এক কমান্ডোর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। নিহত পুলিশ কর্মীর নাম দীপক তামাং (৪৯)। আশঙ্কাজনক ও অচেতন অবস্থায় তাঁকে পিটিএস ব্যারাক থেকে বের করে দ্রুত এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। লালবাজার সদর দফতরের প্রাথমিক অনুমান অনুযায়ী, ওই কমান্ডো মানসিক অবসাদের কারণে আত্মহত্যা করে থাকতে পারেন। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ ও পিটিএস সূত্রে জানা গেছে, শনিবার বেলা ১টা ৪৫ মিনিট নাগাদ কমান্ডো ব্যারাকের চতুর্থ তলার শৌচাগারটি অনেকক্ষণ ধরে ভিতর থেকে বন্ধ ছিল। সহকর্মীরা বেশ কয়েকবার ডাকাডাকি করলেও ভিতর থেকে কোনও সাড়াশব্দ মেলেনি। এতে সন্দেহ গভীর হলে বাথরুমের দরজা ভাঙা হয়। ভেতরে টয়লেটের ওভারহেড পাইপলাইন থেকে গামছার সাহায্যে তাঁকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। সহকর্মীরা দ্রুত তাঁকে নিচে নামিয়ে এসএসকেএম হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান, কিন্তু শেষরক্ষা হয়নি।

নিহত কমান্ডো মূলত কালিম্পংয়ের সেভেন মাইল এলাকার বাসিন্দা ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে কলকাতা পুলিশের বিশেষ কমান্ডো ফোর্সে দায়িত্ব পালন করছিলেন। পুলিশ বিভাগে তিনি একজন অত্যন্ত দক্ষ কর্মী হিসেবে পরিচিত ছিলেন। তাঁর মতো একজন সাহসী কমান্ডোর এমন চরম পদক্ষেপে স্তম্ভিত ও মর্মাহত সহকর্মীরা।

প্রাথমিক তদন্ত ও লক্ষণ দেখে তদন্তকারীরা মনে করছেন এটি আত্মহত্যার ঘটনা। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং কালিম্পংয়ে তাঁর পরিবারকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। বর্তমানে এই ঘটনায় কোনও এফআইআর দায়ের না হলেও পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 4 =