নয়াদিল্লি : মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইন্ডি জোটের বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে তীব্র উত্তেজনার আবহ তৈরি হলো দিল্লিতে। পদযাত্রা চলাকালীন বাধা পেয়ে প্রসার ভারতী ভবনের বাইরে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে চাঁচাছোলা আক্রমণ শানালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধী অভিযোগ করে বলেন, “এখানে প্রায় ৩০০ জন সাংসদকে আটকে দেওয়া হয়েছে। আর তারপর আমাদের এখানেই বসিয়ে রাখা হয়েছে। নির্বাচন কমিশন এখান থেকে মাত্র ৫০ গজ দূরে, কিন্তু আমাদের সেখানে যেতে দেওয়া হচ্ছে না। আমি বুঝতে পারছি না সমস্যাটা ঠিক কোথায়। নির্বাচন কমিশনের কাজ হলো সুষ্ঠু ও সঠিকভাবে নির্বাচন পরিচালনা করা। যেখানে ৩০০ জন সাংসদ জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে চান, সেখানে জ্ঞানেশ কুমার উল্টে ভয় পেয়ে গিয়েছেন।”
ক্ষোভ উগরে দিয়ে তিনি আরও প্রশ্ন তোলেন, “আমি জানি না দেশে আসলে কী চলছে। নির্বাচিত জনপ্রতিনিধিরাই যদি নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করতে না পারেন, তবে এই গণতন্ত্রের অর্থ কী?”
মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে বিরোধীদের অবস্থান স্পষ্ট করে লোকসভার বিরোধী দলনেতা আরও কড়া বার্তা দেন। তিনি বলেন, “আমরা কেবল এদের (বিজেপি) মোকাবিলাই করব না, এদের পুরোপুরি ধূলিসাৎ করে দেব।” দেশের গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে তোপ দেগে তিনি মন্তব্য করেন, “আমাদের দেশের সঙ্গে যা করা হয়েছে, তাকে সোজাসাপটা ভাষায় দেশদ্রোহিতা বলা হয়; কেউই এই দায় এড়িয়ে বাঁচতে পারবে না।”
ইন্ডি জোটের সাংসদদের নির্বাচন কমিশন ভবন অভিমুখে পদযাত্রা আটকে দেওয়ার পর প্রসার ভারতী ভবনের সামনেই এই সাংবাদিক সম্মেলন করেন রাহুল গান্ধী। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও মুখ্য নির্বাচন কমিশনারের ভূমিকা নিয়ে তাঁর এই কড়া বয়ান রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে।

