তরুণ তেজপালের ১০ বছরের সাজাকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ, যাবজ্জীবন চাইল গোয়া সরকার

নয়াদিল্লি : সহকর্মীকে ধর্ষণের মামলায় বোম্বে হাইকোর্টের গোয়া বেঞ্চের দেওয়া ১০ বছরের কারাদণ্ডকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন ‘তেহেলকা’র প্রাক্তন সাংবাদিক তরুণ তেজপাল। অন্যদিকে, দু’দিন আগে গোয়া সরকারও সুপ্রিম কোর্টে আবেদন করে তেজপালের সাজা বাড়িয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার দাবি জানিয়েছে।

ঘটনার গুরুত্ব বিবেচনা করে তেজপালকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া উচিত বলে দাবি করেছে গোয়া সরকার। বোম্বে হাইকোর্টের গোয়া বেঞ্চের সেই রায়কে চ্যালেঞ্জ করেছে রাজ্য, যেখানে দুটি অপরাধের জন্য তেজপালকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হলেও সাজা একইসঙ্গে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছিল। গোয়া সরকারের বক্তব্য, দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার কারণে কোনও অপরাধীকে সাজা থেকে অতিরিক্ত সুবিধা দেওয়া যায় না।

গত ৬ আগস্ট বোম্বে হাইকোর্টের গোয়া বেঞ্চ ট্রায়াল কোর্টের দেওয়া তেজপালের বেকসুর খালাসের রায় খারিজ করে দেয়। এরপর তাঁকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আদালত অবশ্য উল্লেখ করেছিল, ঘটনার পর ১৩ বছর কেটে গিয়েছে এবং এই সময়ের মধ্যে তেজপালের বিরুদ্ধে আর কোনও অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + 10 =