কলকাতা : “আজ সকালে, পবিত্র কালীঘাট মন্দিরে মা কালীর আশীর্বাদ লাভের সৌভাগ্য আমার ও প্রীতির হয়েছে।” বৃহস্পতিবার এক্স হ্যান্ডলে এ কথা লিখলেন শিল্পপতি গৌতম আদানি।
তিনি লিখেছেন, “কলকাতায় যখন আকাশ ভেঙে বৃষ্টি নামল, সেই মুহূর্তটি ছিল এক গভীর ও বিনম্র অনুভূতির। হৃদয়ে কৃতজ্ঞতা নিয়ে আমরা বাংলার মানুষের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের জন্য প্রার্থনা করেছি এবং আমাদের আগামী যাত্রার জন্য মা কালীর আশীর্বাদ চেয়েছি।
মা কালীর শক্তি আমাদের পথ দেখাক এবং তাঁর কৃপা সর্বদা বাংলার ওপর বজায় থাকুক।
জয় মা কালী।”
প্রসঙ্গত, বৃহস্পতিবার দিনভর ঠাসা কর্মসূচি রয়েছে আদানির। সূত্রের খবর, নবান্নে মুখ্যমন্ত্রী ও সরকারের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠকের কথা তাঁর। সৌজন্য অনুষ্ঠান গৃহে মধ্যাহ্নভোজ। এর পরে আলিপুরে বণিকসভার অনুষ্ঠান।

