নন্দীগ্রামে বিজেপির কার্যালয় উদ্বোধনের পর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ, ক্ষোভে দলত্যাগ পুরনো কর্মীর

নন্দীগ্রাম : ভোট ঘোষণার পর পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ের উদ্বোধনের দিনই তৃণমূল কংগ্রেসে ভাঙনের ছবি দেখা গেল। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন ২৫৬ নম্বর পারুলবাড়ি বুথের তৃণমূল সদস্য দেবাশীষ দলপতি। সোমবার নন্দীগ্রামে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ের উদ্বোধনের পর বিজেপি নেতা সাহেব দাস ও জয়দেব দাস-এর হাত ধরে তিনি বিজেপিতে যোগদান করেন।দেবাশীষ দলপতির অভিযোগ, দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত থেকে দলের জন্য কাজ করলেও কোনো সুযোগ-সুবিধা পাননি।

তিনি দাবি করেন, সম্প্রতি পবিত্র কর তৃণমূলে যোগদান করেই নির্বাচনের টিকিট পেয়ে যান। অথচ পুরনো কর্মীরা দীর্ঘদিন কাজ করেও উপযুক্ত মর্যাদা ও সুযোগ পাচ্ছেন না। মূলত এই ক্ষোভ থেকেই তিনি দল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।এই ঘটনাকে কেন্দ্র করে নন্দীগ্রামের রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

ভোটের মুখে এই দলবদলের ঘটনাকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। বিজেপি নেতৃত্বের দাবি, আগামী দিনে নন্দীগ্রামে আরও বহু কর্মী তাদের দলে যোগ দেবেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 5 =