সুমন মন্ডল, পশ্চিম মেদিনীপুর : কয়েকদিনের টানা বৃষ্টিতে ফের বাড়তে শুরু করেছে শিলাবতী নদীর জলস্তর। জল বাড়ার জেরে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ঘোষকিরা এলাকায় ডুবে গিয়েছে বাঁশের সাঁকো। ফলে নদী পারাপারে ভরসা এখন নৌকা।
জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় যাতায়াত করতে হচ্ছে এলাকার বাসিন্দাদের।কয়েকদিন আগে ঘাটাল পৌর এলাকা-সহ পঞ্চায়েতের বিস্তীর্ণ নিচু এলাকা প্লাবিত হয়েছিল। ঘাটালের আড়গোড়া চাতাল-সহ বিভিন্ন এলাকায় জল ঢুকে পড়ায় নৌকা ও ডিঙির মাধ্যমে চলেছিল মানুষের যাতায়াত। জল নামার কয়েকদিনের মধ্যেই ফের নদীর জলস্তর বাড়তে থাকায় নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে।
ইতিমধ্যেই শিলাবতী ও কেঠিয়া নদীর জলস্তর বৃদ্ধিতে দুশ্চিন্তায় রয়েছেন নদী তীরবর্তী এলাকার মানুষজন। কিছুদিন আগের বন্যার স্মৃতি এখনও তাঁদের চোখে ভাসছে। সেই সময় ঘাটাল পৌরসভা ও বিভিন্ন পঞ্চায়েত এলাকার বিস্তীর্ণ অঞ্চল জলের তলায় চলে গিয়েছিল। ডুবে গিয়েছিল রাস্তাঘাট, ঘরবাড়ি এবং বিঘের পর বিঘে চাষের জমি। বহু এলাকায় নৌকা ও ডিঙির মাধ্যমে চলেছিল যাতায়াত।জল নামার পর কিছুটা স্বস্তি ফিরেছিল ঘাটালবাসীর জীবনে।
কিন্তু ফের নদীর জল বাড়তে থাকায় সেই স্বস্তি যেন অল্পদিনেই উধাও। চন্দ্রকোনার শিলাবতী ও কেঠিয়া নদীর জলস্তরের দিকে এখন নজর রাখছেন ঘাটালের নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা।টানা বৃষ্টির জেরে পরিস্থিতির আরও অবনতি হলে ফের ঘাটালের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। তাই নতুন করে বন্যার আতঙ্কে দিন কাটছে নদী তীরবর্তী এলাকার মানুষের।

