দার্জিলিংয়ে বাণিজ্যিক এলপিজি-র চরম সঙ্কট, পর্যটন শিল্প বাঁচাতে জেলা প্রশাসনের হস্তক্ষেপ চায় হোটেল মালিক পক্ষ

দার্জিলিং : পশ্চিম এশিয়ায় যুদ্ধ এবং ভূ-রাজনৈতিক উত্তেজনার আঁচ এবার ভারতের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র দার্জিলিংয়েও অনুভূত হতে শুরু করেছে। উত্তরবঙ্গের এই বিখ্যাত পর্যটনস্থলে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের চরম ঘাটতি দেখা দিয়েছে। এই গভীর সংকটের মোকাবিলায় বুধবার ‘দার্জিলিং হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন’-এর পক্ষ থেকে জেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করা হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে দার্জিলিংয়ের জেলাশাসক মণীশ মিশ্রকে একটি চিঠি দেওয়া হয়েছে। সেখানে জানানো হয়েছে যে, বাজারে বাণিজ্যিক গ্যাসের জোগান প্রায় তলানিতে এসে ঠেকেছে। হোটেল মালিকদের দাবি, স্থানীয় এলপিজি ডিস্ট্রিবিউটররা কর্মী জানিয়ে দিয়েছেন যে, আন্তর্জাতিক সংকটের কারণে চাহিদা অনুযায়ী সিলিন্ডার সরবরাহ করা এই মুহূর্তে সম্ভব হচ্ছে না।

হোটেল ব্যবসায়ীদের আশঙ্কা, এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে পর্যটকদের পরিষেবা দেওয়া অসম্ভব হয়ে পড়বে। ইতিমধ্যে বুকিং করে রাখা পর্যটকদের প্রয়োজনীয় সুবিধা দিতে না পারলে হোটেলগুলিকে বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে। এর পাশাপাশি, হোটেল শিল্পের সঙ্গে যুক্ত হাজার হাজার কর্মী ও তাঁদের পরিবারের জীবিকাও সংকটের মুখে পড়ার সম্ভাবনা রয়েছে।

রেস্তোরাঁ ও হোটেলগুলিতে রান্না ব্যাহত হওয়ার আশঙ্কায় পর্যটকদের খাবারের ব্যবস্থাও বিঘ্নিত হতে পারে। এই অবস্থায় ব্যবসায়ীরা জেলা প্রশাসনের কাছে বিকল্প ব্যবস্থার মাধ্যমে দ্রুত গ্যাস সরবরাহের আবেদন জানিয়েছেন। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছে যে, দ্রুত সমাধান না মিললে পর্যটকদের স্বার্থেই তাঁদের বুকিং বাতিল করার মতো কঠোর সিদ্ধান্ত নিতে হতে পারে, যা পাহাড়ের পর্যটন অর্থনীতিতে বড় ধাক্কা দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 − two =