ব্যাট হাতে প্রতিপক্ষকে কার্যত উড়িয়ে দিয়েছে ভারত। বিদেশের মাটিতে টেস্ট ক্রিকেটে নিজেদের সর্বোচ্চ রান তুলে নিউজিল্যান্ডের উপর তৈরি করেছে পাহাড়প্রমাণ চাপ। কিন্তু ৩৫২ রানের লিড নিয়েও এখনও জয় নিশ্চিত নয় শুভমন গিলদের। কারণ, ওয়েলিংটনের পিচে বল হাতে ভারতীয় বোলারদের জন্য অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। চতুর্থ দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১১৯ রান তুলে লড়াই চালিয়ে যাচ্ছে নিউজিল্যান্ড। শেষ দিনে কিউয়িদের বাকি আটটি উইকেট দ্রুত তুলে নেওয়াই এখন ভারতের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ৩৬৮ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই দাপট দেখিয়েছে ভারত। এক জোড়া শতরান এবং চারটি অর্ধশতরানের সৌজন্যে ৯ উইকেটে ৭২০ রান তুলে ইনিংস ঘোষণা করেন অধিনায়ক শুভমন। দিনের শুরুতে ৫৫ রানে অপরাজিত থাকা ঋষভ পন্থ নিজের নবম টেস্ট শতরান পূর্ণ করেন। ১৫৩ বলে ১২৮ রানের ইনিংসে ১০টি চার ও ছটি ছক্কা মারেন তিনি। টেস্টে ছক্কার সংখ্যাও বেড়ে হয়েছে ১০৮। এই তালিকায় তাঁর উপরে রয়েছেন শুধু বেন স্টোকস।
পন্থের পাশাপাশি ব্যাট হাতে নজর কেড়েছেন ধ্রুব জুরেল। মাত্র ৭৯ বলে ৭৮ রান করে ভারতকে বড় রানের দিকে এগিয়ে দেন তিনি। নাইট ওয়াচম্যান অংশুল কম্বোজের ব্যাট থেকেও আসে ৩৮ রান। ওয়াশিংটন সুন্দর করেন ২৪। আকাশদীপের ঝোড়ো ১৩ রানও ভারতের ইনিংসকে আরও সমৃদ্ধ করে।
৭২০ রানের এই ইনিংস একাধিক রেকর্ড তৈরি করেছে। বিদেশের মাটিতে টেস্টে ভারতের সর্বোচ্চ রান এটি। টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের তৃতীয় সর্বোচ্চ ইনিংসও। এর আগে ২০১৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৭৫৯ এবং ২০০৯ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৭২৬ রান করেছিল ভারত। পাশাপাশি প্রথম সাতটি উইকেটের প্রতিটির জন্য ৫০ বা তার বেশি রানের জুটি গড়ে নজির সৃষ্টি করেছেন ভারতীয় ব্যাটাররা।
তবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডও হাল ছাড়তে নারাজ। শুরুতেই টম ল্যাথামকে শূন্য রানে ফিরিয়ে দেন বুমরাহ। হেনরি নিকোলস ৩১ রান করে প্রসিদ্ধ কৃষ্ণের বলে আউট হন। দিনের শেষে ডেভন কনওয়ে ৫৯ এবং রাচিন রবীন্দ্র ২৭ রানে অপরাজিত। নিউজিল্যান্ডের রান ২ উইকেটে ১১৯। এখনও ২৩৩ রানে পিছিয়ে তারা।
ভারত এগিয়ে থাকলেও চিন্তার কারণ ওয়েলিংটনের নিষ্প্রাণ পিচ। বোলাররা প্রত্যাশিত সুইং বা টার্ন পাচ্ছেন না। ফলে ব্যাটারদের ভুলের অপেক্ষায় থাকতে হচ্ছে ভারতকে। শেষ দিনে বুমরাহদের বোলিং কতটা কার্যকর হয়, তার উপরই নির্ভর করছে ম্যাচের ভাগ্য।

