কলকাতা : নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম নিয়ে নজরদারিতে গড়িয়াহাট বাজারে আচমকা হানা দিল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ (ইবি)। মঙ্গলবার সকাল ১০টা নাগাদ ইবি-র আধিকারিকরা বাজারে পৌঁছে বিভিন্ন মুদি দোকান, সবজি ও মাছের দোকানে পরিদর্শন করেন। বেশ কয়েকজন বিক্রেতাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদও করা হয়।
ইবি সূত্রে জানা গিয়েছে, চিনি, পেঁয়াজ-সহ কয়েকটি নিত্যপ্রয়োজনীয় সামগ্রী নির্ধারিত দামের তুলনায় বেশি দামে বিক্রি করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতেই এই অভিযান। পরিদর্শনের সময় বেশি দামে পণ্য বিক্রির অভিযোগের তথ্য সামনে আসে বলে সূত্রের দাবি।
অভিযানের সময় কয়েকজন বিক্রেতার কাছে পণ্য কেনার বিল দেখতে চান আধিকারিকরা। অভিযোগ, তাঁদের মধ্যে কয়েকজন বৈধ বিল দেখাতে পারেননি। পণ্য কোথা থেকে কেনা হয়েছে এবং কেন তা বেশি দামে বিক্রি করা হচ্ছে, তা নিয়েও জানতে চাওয়া হয়।
সন্তোষজনক উত্তর দিতে না পারায় কয়েকজন বিক্রেতাকে সতর্ক করা হয়েছে বলে ইবি সূত্রে খবর। নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বেশি দামে বিক্রি করা হলে ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও বিক্রেতাদের হুঁশিয়ারি দেওয়া হয়। আগামী দিনেও গড়িয়াহাট বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ে নজরদারি চলবে বলে জানা গিয়েছে।

