সাউথ ইউনাইটেডকে পাঁচ গোল ইস্টবেঙ্গলের   

ইস্টবেঙ্গল ৫ (রামিরেজ, রশিদ, বিপিন, হার্দিক, ডেভিড)    সাউথ ইউনাইটেড ০ 
নিজস্ব প্রতিবেদন: শুক্রবার ডুরান্ড কাপের ম্যাচে সাউথ ইউনাইটেড এফসি -কে একপেশে ভাবে হারাল ইস্টবেঙ্গল। শুরু থেকেই দাপুটে ফুটবল খেলছিল হাবাসের লাল-হলুদ ব্রিগেড। ডুরান্ডের গ্রুপ পর্বের শেষ ম্যাচে সাউথ ইউনাইটেডকে ৫-০ গোলে হারাল ইস্টবেঙ্গল। মোহনবাগান গত ম্যাচে এই দলকেই ৮ গোল দিয়েছিল। ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে ইস্টবেঙ্গল। দ্বিতীয় মিনিটেই পরপর দু’টি সুযোগ আসে। সেগুলি থেকে গোল নাহলেও সপ্তম মিনিটে মহম্মদ রশিদর পাস থেকে বক্সের বাইরে বল পেয়ে দূরপাল্লার দুর্দান্ত শটে গোল করে দলকে এগিয়ে দেন দানি রামিরেজ। প্রথম গোল পেয়ে আরও আক্রমণ বাড়ায় ইস্টবেঙ্গল। জেসিন টিকে, দানি ও বিষ্ণুরা বারবার আক্রমণে ওঠে। ২৪ মিনিটে রশিদের গোলে ব্যবধান দ্বিগুণ হয়। দানির কর্নার থেকে এডমুন্ডের দুরন্ত ফ্লিক পেয়ে হেডে বল জালে জড়িয়ে দেন রশিদ। ২৯ মিনিটে গোলকিপারকে একা পেয়েও সহজ সুযোগ নষ্ট করেন পিভি বিষ্ণু। দ্বিতীয়ার্ধেও একই ভাবে আক্রমণাত্মক ফুটবল খেলে লাল-হলুদ। ৫৪ মিনিটে আলতাব হোসেনের দূরপাল্লার শট লক্ষ্যভ্রষ্ট হয়। ৬৮ মিনিটে আবারও নিশ্চিত গোলের সুযোগ হাতছাড়া করেন জেসিন টিকে। ৭৩ মিনিটে হার্দিক ভাটের জোরালো দূরপাল্লার শটে তৃতীয় গোল পেয়ে যায় হাবাস বাহিনী। গোলকিপারের হাতে লেগেও বল জালে ঢুকে যায়। ৮১ মিনিটে ইকোনোমিডিসের পাস ডিফেন্ডারের মাথায় লেগে পৌঁছে যায় বিপিন সিংয়ের কাছে। বিপিন হেডে গোল করে ৪-০ ব্যবধান বাড়িয়ে নেন। ম্যাচ শেষের কিছুক্ষণ আগে সাউথ ইউনাইটেডের ডিফেন্ডারের কাছ থেকে বল ছিনিয়ে নিয়ে বক্সের মধ্যে দুরন্ত শটে গোল করেন ডেভিড লালহানসাঙ্গা। ৫-০ গোলে বড় ব্যবধানে জয় পেয়ে কোয়ার্টার ফাইনালে যাবে ইস্টবেঙ্গল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × four =