কলকাতা ডার্বির আগে টিকিটের চড়া দাম নিয়ে সমর্থকদের ক্ষোভের মুখে পড়েছিল ইস্টবেঙ্গল। শেষ পর্যন্ত রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী ইন্দ্রনীল খাঁয়ের আবেদনে টিকিটের দাম কমানোর সিদ্ধান্ত নিল লাল-হলুদ কর্তৃপক্ষ। আগামী ২৯ নভেম্বর আইএসএলের কলকাতা ডার্বিতে মুখোমুখি হবে মোহনবাগান ও ইস্টবেঙ্গল। তার আগেই নতুন মূল্যতালিকা প্রকাশ করা হয়েছে। পাশাপাশি যাঁরা ইতিমধ্যে বেশি দামে টিকিট কিনেছেন, তাঁদের অতিরিক্ত টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্তও নিয়েছে ক্লাব।
ডার্বির টিকিট বিক্রি শুরু হতেই দাম নিয়ে অসন্তোষ ছড়ায় সমর্থকদের মধ্যে। পুরনো তালিকায় টিকিটের সর্বনিম্ন দাম ছিল ৩০০ টাকা। বিভিন্ন বিভাগের টিকিটের দাম ৪০০, ৪৯৯, ৬০০, ৭৫০, ১০০০ থেকে সর্বোচ্চ ২০০০ টাকা পর্যন্ত রাখা হয়েছিল। সাধারণ সমর্থক ও ছাত্রছাত্রীদের কথা বিবেচনা করে দাম কমানোর আবেদন জানান ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। তাঁর বক্তব্য, আর্থিক কারণে কোনও ফুটবলপ্রেমী যেন মাঠে বসে ডার্বি দেখা থেকে বঞ্চিত না হন।
ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার জানিয়েছেন, টিকিটের দাম নিয়ে অনেক অভিযোগ আসছিল। সেই কারণে ক্রীড়ামন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে বৈঠক করা হয়। এরপরই নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ডার্বির টিকিট পাওয়া যাবে ২০০, ৩০০, ৪০০, ৫০০ এবং ৫৫০ টাকায়। ক্লাব সদস্যদের জন্য থাকছে বিশেষ ছাড়। ৩০০ টাকার টিকিট তাঁরা পাবেন ১৫০ টাকায়। যাঁরা আগের দামে টিকিট কিনেছেন, তাঁদের অতিরিক্ত অর্থও ফেরত দেওয়া হবে।
আগামী ২৯ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ডার্বি। টিকিটের দাম কমায় এবার গ্যালারিতে সমর্থকদের উপস্থিতি বাড়বে বলে আশা ক্লাব কর্তৃপক্ষের।

