মুম্বইকে হারিয়ে শীর্ষস্থানে ইস্টবেঙ্গল

মুম্বই ফুটবল এরিনায় লাল-হলুদ ঝড়। মুম্বই সিটি এফসিকে ২-১ গোলে হারাল ইস্টবেঙ্গল এফসি। লাল-হলুদের হয়ে গোল করেন ইউসেফ এজ্জেজারি ও নন্ধাকুমার। গত কয়েক মরশুমের আইএসএল একেবারে ভালো যায়নি ইস্টবেঙ্গলের জন্য। খারাপ সময়ে লিগে কখনও নয়, কখনও এগারোতম স্থানে শেষ করেছিল লাল-হলুদ ব্রিগেড। এই প্রথমবার আইএসএলে লিগ টেবিলের শীর্ষস্থানে ইস্টবেঙ্গল। মঙ্গলবার অ্যাওয়ে ম্যাচে মুম্বই সিটি এফসিকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে অস্কার ব্রুঁজোর দল। লিগের শেষ তিন ম্যাচ জিতলেই আইএসএল ট্রফি ইস্টবেঙ্গলের।
এই ম্যাচের আগে কোচ অস্কার ব্রুঁজোর বিদায়ের ঘোষণায় অনেকেই মনে করেছিলেন দলের মনোবল নষ্ট হতে পারে। নন্ধাকুমারদের খেলা দেখে তার বিন্দুমাত্রও মনে হল না। প্রথমে ম্যাচে পিছিয়ে থাকলেও খেলা এগোতেই ছন্দ ফিরে পায় ইস্টবেঙ্গল। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলছিলেন মুম্বই ফুটবলাররা। ম্যাচের আট মিনিটেই ব্র্যান্ডনের গোলে এগিয়ে যায় মুম্বই। ইস্টবেঙ্গল ডিফেন্সকে কাটিয়ে আরও কয়েকটি সুযোগ তৈরি করেছিল ছাংতেরা। ম্যাচের ১৫ মিনিট ও ৩০ মিনিটে সহজ সুযোগ পান মুম্বই অধিনায়ক ছাংতে। ৩১ মিনিটে আবারও সহজ সুযোগ পান মুম্বইয়ের বিক্রমজিৎ। দ্বিতীয়ার্ধে কিছুটা লড়াইয়ে ফেরে ইস্টবেঙ্গল। ৫৮ মিনিটে বক্সের মধ্যে ফাউল করেন মুম্বইয়ের জনি কাউকো। এরপরই পেনাল্টির নির্দেশ দেন রেফারি। পেনাল্টি থেকে গোল করে ইস্টবেঙ্গলকে সমতায় ফেরায় ইউসেফ এজেজ্জারি। এই নিয়ে চলতি মরশুমে ১০টি গোল করলেন তিনি। ৭১ মিনিটে নন্ধাকুমারের বিশ্বমানের গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। বাঁ-দিক থেকে দুর্দান্ত শটে বল  জালে জড়িয়ে দেন তিনি। এরপর দুই দলই সুযোগ পেলেও কাজে লাগাতে ব্যর্থ। ম্যাচের শেষ মুহূর্তে মুম্বইয়ের নিকুমের শট বারে লেগে ফিরে আসে। ভাগ্যও সহায় হওয়ায় ম্যাচ জিতে যায় ইস্টবেঙ্গল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − fourteen =