কলকাতা : চলতি সপ্তাহেই দক্ষিণবঙ্গ থেকে পাকাপাকিভাবে বিদায় নিতে চলেছে শীতের মেজাজ। পরিবর্তে কড়া নাড়ছে প্যাচপ্যাচে গরম। তবে আগামী কয়েকদিন ভোরে কুয়াশা বজায় থাকলেও বেলার বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তেজ বাড়বে।
রঙের উৎসবে এবার বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। হাওয়া অফিসের মতে, কলকাতায় মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে পৌঁছাতে পারে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতেও পারদ ৩৫ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে। আগামী কয়েকদিনের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা আরও ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে, আবহাওয়া দফতর জানিয়েছে, দার্জিলিং ও কালিম্পং-এ বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে উত্তরবঙ্গের সমতলের জেলাগুলিতে আবহাওয়া আপাতত মনোরমই থাকবে।

