মমতার আক্রান্ত হওয়ার দাবি নিয়ে কটাক্ষ দিলীপ ঘোষের, বললেন ‘এখন বিশ্রাম নেওয়া উচিত’

কলকাতা : কলকাতার কালীঘাটে নিজের বাড়ির সামনে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রান্ত হওয়ার অভিযোগ নিয়ে তাঁকে কটাক্ষ করলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। বুধবার সকালে নিউটাউনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, “উনি নিজেই সব সময় এ ধরনের দাবি করেন। সাধারণ মানুষ জানেন না, উনি কী করেছেন। কোথায়, কীভাবে আক্রান্ত হন, তা কেউ জানেন না। উনি কীভাবে নির্বাচনে হারলেন, সেটাও বুঝতে পারেননি। এখন ওঁর বিশ্রাম নেওয়া উচিত এবং মানুষ কী চাইছেন, তা দেখা উচিত।”

উল্লেখ্য, তৃণমূল সাংসদ দোলা সেন অভিযোগ করেছেন, মঙ্গলবার সন্ধ্যা প্রায় ৬টা নাগাদ তন্নিষ্ঠা সাহা নামে এক মহিলা কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে উপস্থিত হন। তাঁর দাবি, ওই মহিলা নিজেকে সিভিক ভলান্টিয়ার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাগ্নি বলে পরিচয় দেন। তাঁর হাতে ছুরি ছিল এবং তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন বলেও অভিযোগ। পরে ওই মহিলা রাস্তায় শুয়ে পড়েন বলে দাবি দোলা সেনের। মহিলা নেশাগ্রস্ত ছিলেন বলেও অভিযোগ করেছেন তৃণমূল সাংসদ।

দোলা সেন জানিয়েছেন, ঘটনার কথা জানিয়ে তিনি কালীঘাট থানার ওসিকে ইমেল করে অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত মহিলাকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের তরফে দলের নেত্রীর নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। ঘটনাটি নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। তবে অভিযোগের বিষয়ে পুলিশের তদন্তের পরই ঘটনার পূর্ণ বিবরণ স্পষ্ট হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × four =