সুমন মন্ডল, পশ্চিম মেদিনীপুর : ডিজিটাল প্রতারণার শিকার চন্দ্রকোনার এক কৃষক। SBI ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গেল ৭৫ হাজার টাকা। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের খড়কপুর গ্রামের। প্রতারিত কৃষকের নাম জয়ন্ত পলমাল। পেশায় কৃষক জয়ন্তর গ্রামে একটি ছোট কৃষি ভাণ্ডারের দোকানও রয়েছে।
জয়ন্তর দাবি, গত ২৪ তারিখ, শনিবার রাতে হঠাৎই তাঁর মোবাইলে একের পর এক ‘ইনস্ট্যান্ট আপডেট’ নোটিফিকেশন আসতে থাকে। প্রথমে বিষয়টি বুঝতে না পেরে তিনি মোবাইলটি সুইচ অফ করে দেন। পরদিন সকালে ঘুম থেকে উঠে ব্যাঙ্ক অ্যাকাউন্টের খোঁজখবর নিতে গিয়ে দেখেন, তাঁর অ্যাকাউন্টে থাকা ৭৫ হাজার টাকা উধাও।
অ্যাকাউন্টের লেনদেনের বিবরণ পরীক্ষা করে তিনি দেখতে পান, ৫৩ হাজার টাকা শচীন কুমার নামে এক ব্যক্তির অ্যাকাউন্টে, ২০ হাজার টাকা মহম্মদ সালেম নামে এক ব্যক্তির অ্যাকাউন্টে এবং বাকি ২ হাজার টাকা আরও দু’জনের অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়েছে বলে তাঁর দাবি। শুধু তাই নয়, আরও কয়েকটি অ্যাকাউন্টে টাকা পাঠানোর চেষ্টা করা হলেও সেই লেনদেনগুলি ‘ফেলড’ দেখাচ্ছে বলে জানা গিয়েছে।
সম্পূর্ণ ঘটনাটিকে ডিজিটাল প্রতারণা বলে দাবি করেছেন জয়ন্ত। ঘটনার পর তিনি পুলিশ, সাইবার ক্রাইম বিভাগ এবং সংশ্লিষ্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এই ঘটনাকে ঘিরে এলাকায় ছড়িয়েছে আতঙ্ক। সাধারণ মানুষ ব্যাঙ্কে নিজেদের কষ্টার্জিত টাকা জমা রেখেও কতটা সুরক্ষিত, তা নিয়ে উঠছে প্রশ্ন। কীভাবে অ্যাকাউন্ট থেকে টাকা অন্যের অ্যাকাউন্টে চলে গেল, কারা এই ঘটনার সঙ্গে জড়িত এবং আদৌ টাকা ফেরত পাওয়া যাবে কি না এখন সেই প্রশ্নগুলির উত্তর খুঁজছেন জয়ন্ত ও তাঁর পরিবার।
অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রকৃত ঘটনা সামনে আনা এবং প্রতারিত কৃষকের টাকা উদ্ধারের জন্য এখন প্রশাসন ও ব্যাঙ্ক কর্তৃপক্ষের পদক্ষেপের দিকেই তাকিয়ে রয়েছেন জয়ন্ত-সহ গেটা পরিবার।

