দ্বিতীয় দিনেও জারি জাহাঙ্গীরের বেআইনি বাড়ি ভাঙার কাজ

ফলতা (দক্ষিণ ২৪ পরগনা) : দক্ষিণ ২৪ পরগনার ফলতায় তৃণমূল কংগ্রেস নেতা জাহাঙ্গীর খানের বেআইনি বাড়ি নির্মাণ ভাঙার কাজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনেও পুরোদমে চলছে। আদালতের নির্দেশ এবং প্রশাসনিক পদক্ষেপের অংশ হিসেবে এদিন সকাল ৯টা নাগাদ শ্রমিকদের একটি বিশেষ দল হাতুড়ি, ড্রিল মেশিন ও ভাইব্রেটর নিয়ে ওই বহুতলটির কাঠামো ভাঙার কাজে হাত লাগায়। গোটা প্রক্রিয়াটি নির্বিঘ্ন ও স্বচ্ছ রাখতে প্রশাসনের শীর্ষ আধিকারিকদের কড়া নজরদারিতে চলছে এই অভিযান।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ভাঙার কাজ চলাকালীন যাতে কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি বা আইনশৃঙ্খলার অবনতি না ঘটে, সে জন্য ঘটনাস্থলে স্বয়ং উপস্থিত রয়েছেন ফলতার বিডিও সন্দীপ সিংহ রায়। তাঁর সঙ্গে রয়েছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিক, বিশাল পুলিশ বাহিনী এবং সিভিল ডিফেন্স ও রাজ্য বিদ্যুৎ বণ্টন পর্ষদের কর্মীরা। নিরাপত্তার স্বার্থে আগেভাগেই বহুতলটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।

এদিকে, বহুতল ভাঙার গোটা প্রক্রিয়াটি নথিবদ্ধ করতে এবং যে কোনও অনভিপ্রেত গতিবিধির ওপর কড়া নজর রাখতে এদিন থেকে বাড়িটির বাইরের চত্বরে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা বসানোর কাজও শুরু হয়েছে। প্রশাসনের এক আধিকারিকের মতে, ভাঙার কাজের স্বচ্ছতা বজায় রাখা এবং এলাকার নিরাপত্তার ওপর নিরবচ্ছিন্ন নজরদারি চালানোর উদ্দেশ্যেই এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বেআইনি নির্মাণের বিরুদ্ধে প্রশাসনের এই কড়া পদক্ষেপে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − eleven =