নয়াদিল্লি : নিট-পিজির ২,৪৪৫ পরীক্ষার্থীর ফের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে। বুধবার প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চে আবেদনটি উল্লেখ করে বলা হয়, ওই পরীক্ষার্থীদের জন্য ফের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের আগের নির্দেশের লঙ্ঘন।
আবেদনকারীর হয়ে উপস্থিত আইনজীবী দ্রুত শুনানির আবেদন জানান। আদালত জানায়, একই বিষয়ে বিচারপতি পিএস নরসিমহার নেতৃত্বাধীন বেঞ্চে শুনানি চলছে। তাই মামলাটি ওই বেঞ্চের সামনেই উল্লেখ করতে বলা হয়।
নিট-পিজি ২০২৬-এর মূল পরীক্ষা গত ৩০ আগস্ট দেশজুড়ে হয়। ন্যাশনাল বোর্ড অব এগজামিনেশন ইন মেডিক্যাল সায়েন্সেস (এনবিইএমএস) প্রযুক্তিগত সমস্যায় প্রভাবিত ২,৪৪৫ পরীক্ষার্থীর জন্য নিট-পিজি ২০২৬-এর পরীক্ষা ফের নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এই পরীক্ষায় মোট ২,৬৫,৯৮০ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। তাঁদের মধ্যে ২,৬৩,৫৩৫ জনের পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়। প্রযুক্তিগত সমস্যার কারণে ২,৪৪৫ জন পরীক্ষার্থীর পরীক্ষা স্বাভাবিকভাবে সম্পন্ন করা সম্ভব হয়নি। তাঁদের জন্যই ফের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

