‘রেন্ট-এ-বয়ফ্রেন্ড’-এর আড়ালে সাইবার প্রতারণার ফাঁদ, মহিলাদের সতর্ক করল হায়দরাবাদ পুলিশ

হায়দরাবাদ : সোশ্যাল মিডিয়ায় আকর্ষণীয় বিজ্ঞাপনের মাধ্যমে ‘রেন্ট-এ-বয়ফ্রেন্ড’ পরিষেবা এবং বিপুল ছাড়ের প্রস্তাব দেওয়া হচ্ছে। এর আড়ালে যুবতীদের টার্গেট করে নতুন ধরনের সাইবার প্রতারণার ফাঁদ পাতা হচ্ছে বলে সতর্ক করল হায়দরাবাদ পুলিশ। পুলিশের দাবি, প্রতারকরা ভুয়ো প্রোফাইল এবং সাজানো ডেটিংয়ের প্রস্তাব ব্যবহার করে টাকা ও ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে।

ইনস্টাগ্রাম, টেলিগ্রাম এবং ফেসবুকে ছড়িয়ে পড়া একাধিক পোস্টে কফি ডেট, সিনেমা দেখতে যাওয়া, শপিংয়ের সময় সঙ্গ দেওয়া থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠান এবং বিয়েতে সঙ্গে যাওয়ার মতো পরিষেবার বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। পুলিশের দাবি, কোনও কোনও বিজ্ঞাপনে অল্প সময়ের সাক্ষাতের জন্য কয়েকশো টাকা থেকে শুরু করে সারাদিন সঙ্গ দেওয়ার জন্য কয়েক হাজার টাকা পর্যন্ত প্যাকেজের প্রস্তাব দেওয়া হচ্ছে। ‘৫০ শতাংশ ছাড়’ কিংবা ‘বিশেষ অফার’-এর মতো আকর্ষণীয় দাবি করে এই বিজ্ঞাপনগুলি প্রচার করা হচ্ছে।

শনিবার শহরের পুলিশ কমিশনার ভি. সি. সজ্জনার সোশ্যাল মিডিয়ায় বিষয়টি জানিয়ে বলেন, সাইবার অপরাধীরা আকর্ষণীয় দেখতে পুরুষদের ছবি ব্যবহার করে ভুয়ো প্রোফাইল তৈরি করছে। এর মধ্যে কিছু ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে তৈরি করা হতে পারে, আবার কিছু ছবি ইন্টারনেট থেকেও সংগ্রহ করা হচ্ছে। তাঁর কথায়, এই বিজ্ঞাপন দেখে কোনও মহিলা যোগাযোগ করলে প্রথমে তাঁকে ব্যক্তিগত চ্যাটে নিয়ে যাওয়া হয়। সেখানে কথাবার্তার মাধ্যমে বিশ্বাসযোগ্য সম্পর্ক তৈরি করার পর বুকিং নিশ্চিত করা, অগ্রিম টাকা দেওয়া কিংবা নিরাপত্তা আমানতের নাম করে টাকা চাওয়া হয়।

প্রতারকরা সাধারণত কিউআর কোড বা ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে টাকা পাঠাতে বলে। টাকা পাওয়ার পরই তারা যোগাযোগ বন্ধ করে দিতে পারে কিংবা সংশ্লিষ্ট ব্যক্তিকে ব্লক করে দেয়।

পুলিশ আধিকারিকদের মতে, এই প্রতারণার ঝুঁকি শুধুমাত্র আর্থিক ক্ষতির মধ্যেই সীমাবদ্ধ নয়। কথোপকথনের সময় দেওয়া ব্যক্তিগত তথ্য, ফোন নম্বর এবং ছবি পরবর্তীতে হেনস্থা, ব্ল্যাকমেল বা অন্য ধরনের সাইবার অপরাধে ব্যবহার করা হতে পারে। সজ্জনার সতর্ক করে বলেন, শুধুমাত্র অনলাইনে কথাবার্তার ভিত্তিতে অপরিচিত ব্যক্তির সঙ্গে দেখা করতে গেলে শারীরিক নিরাপত্তার ঝুঁকিও তৈরি হতে পারে।

সাইবার অপরাধ দমনকারী আধিকারিকরা ইতিমধ্যেই এই ধরনের ভুয়ো বিজ্ঞাপনের উপর নজর রাখছেন। একইসঙ্গে মহিলা ও অভিভাবকদেরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

পুলিশের পক্ষ থেকে নাগরিকদের বলা হয়েছে, অস্বাভাবিকভাবে আকর্ষণীয় কোনও অনলাইন অফারে সহজে বিশ্বাস না করতে। অপরিচিত ব্যক্তির সঙ্গে ব্যক্তিগত তথ্য বা ছবি শেয়ার না করা, যথাযথ যাচাই ছাড়া কারও সঙ্গে দেখা না করা এবং যাচাই না করা অ্যাকাউন্টে কোনও ধরনের অগ্রিম টাকা না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এই ধরনের প্রতারণার শিকার হলে দ্রুত ১৯৩০ সাইবার ক্রাইম হেল্পলাইনে যোগাযোগ করার পাশাপাশি ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × two =