হুগলি : “বিজেপি ক্ষমতায় এলে বাংলায় মাছ-মাংস বন্ধ হয়ে যাবে”— এমন দাবিসহ একটি ভাইরাল ভিডিও ঘিরে হুগলি জেলার চুঁচুড়ায় রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। এই ঘটনায় বিজেপি নেতা সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় চুঁচুড়া থানায় একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগ, তাঁর বক্তব্যকে কাটছাঁট এবং বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় ভুল অর্থে প্রচার করা হচ্ছে।
রবিবার সকালে হিন্দুস্থান সমাচারকে বিজেপি নেতা জানান, বিহারে মাছ-মাংস বিক্রির নির্দেশিকা সংক্রান্ত একটি বিষয় নিয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করেছিলেন। কিন্তু সেই ভিডিওটি এডিট করে এমনভাবে প্রচার করা হয়েছে যেন বিজেপি বাংলায় মাছ-মাংস নিষিদ্ধ করতে চলেছে। তিনি সেই সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের স্ক্রিনশটও পুলিশের কাছে জমা দিয়েছেন, যেখান থেকে এই ভিডিওটি ছড়ানো হয়েছে।
সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে বলেন, তাঁর বক্তব্যের উদ্দেশ্য ছিল খোলা জায়গায় মাছ-মাংস বিক্রির ফলে জনস্বাস্থ্যের সম্ভাব্য ঝুঁকি নিয়ে সাধারণ মানুষকে সচেতন করা। তিনি বলেন, “রাস্তায় খোলা অবস্থায় মাছ-মাংস বিক্রি করলে রোগজীবাণু ছড়ানোর সম্ভাবনা থাকে, যা মানুষের স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। আমি সেই প্রসঙ্গেই কথা বলেছিলাম, কোনও ধরণের নিষেধাজ্ঞার কথা বলিনি।”
বিজেপি নেতার অভিযোগ, তৃণমূল কংগ্রেস তাঁর ভিডিওটির ভুল ব্যাখ্যা করে জনসাধারণের মধ্যে অপপ্রচার চালাচ্ছে। তিনি আরও দাবি করেন, রাজনৈতিক জমি হারাচ্ছে দেখেই তৃণমূল এই ধরণের বিভ্রান্তিকর রাজনীতি করছে। পুলিশ অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে। এই বিতর্ককে কেন্দ্র করে এলাকার রাজনৈতিক পরিস্থিতি বর্তমানে বেশ উত্তপ্ত।

