মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেয়াল থেকে মুছে ফেলা হলো বিতর্কিত স্লোগান, প্রতিবাদ এসএফআই-এর

কলকাতা : যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণের দেওয়ালে লেখা ‘রাষ্ট্রবিরোধী’ স্লোগানকে কেন্দ্র করে বিতর্ক চলার মাঝেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসের বেশ কয়েকটি দেওয়ালের লিখন ও স্লোগান মুছে দিয়েছে। ওই দেওয়ালগুলোতে এখন সাদা রং করে দেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে প্রশ্ন উঠছে যে, তবে কি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া নির্দেশের পরেই এই পদক্ষেপ নেওয়া হলো?

বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবশ্য দাবি, দেওয়াল পরিষ্কার ও রং করা একটি রুটিন প্রক্রিয়ার অংশ এবং অতীতেও এমন কাজ করা হয়েছে।

গত কয়েক দিন ধরে যাদবপুর বিশ্ববিদ্যালয় রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। বহিরাগতদের কথিত হামলা ও ছাত্রদের মধ্যে সংঘর্ষের পর মুখ্যমন্ত্রী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে লেখা কয়েকটি স্লোগান নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তিনি প্রশ্ন করেন, কলা বিভাগের দেওয়ালে ‘কিসেনজি সালাম’ এবং ‘কাশ্মীর মাঙ্গে আজাদি’-র মতো স্লোগান কেন লেখা হবে? এই ধরনের দেওয়াল লিখনকে ‘আবর্জনা’ বলে আখ্যা দিয়ে তিনি অবিলম্বে তা মুছে ফেলার নির্দেশ দিয়েছিলেন।

মুখ্যমন্ত্রী বলেছিলেন যে, যাদবপুর বিশ্ববিদ্যালয় একটি শ্রেষ্ঠত্বের কেন্দ্র (মেধা চর্চার স্থান) এবং এই ধরনের স্লোগানের মাধ্যমে নতুন প্রজন্মকে কী বার্তা দেওয়া হচ্ছে, তা নিয়ে চিন্তাভাবনা করা উচিত।

বিশ্ববিদ্যালয়ের এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করেছে এসএফআই । এসএফআই নেতা তথা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর স্তরের ছাত্র অঞ্জিল দাস রবিবার দাবি করেন, ক্যাম্পাসের দেওয়ালে লেখা অনেক স্লোগানই সাম্রাজ্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে বার্তা বহন করত। তাঁর অভিযোগ, দেওয়াল লিখন মুছে ফেলে বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক রাজনৈতিক ঐতিহ্যকে ক্ষুণ্ণ করা হয়েছে।

এসএফআই হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে যে, তারা ক্যাম্পাসে দেওয়াল লিখনের ঐতিহ্য পুনরায় ফিরিয়ে আনবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × one =