নয়াদিল্লি : নির্বাচনী আচরণবিধি সংক্রান্ত আরও আটটি নির্দেশিকা দিল নির্বাচন কমিশন। ভোটমুখী চার রাজ্য পশ্চিমবঙ্গ, অসম, কেরল, তামিলনাড়ু এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির ক্ষেত্রে এই নির্দেশিকা পালন করতে বলা হয়েছে।
এই পাঁচটি জায়গায় নির্বাচন সংক্রান্ত আদর্শ আচরণবিধি (মডেল কোড অফ কনডাক্ট বা এমসিসি) কঠোর ভাবে মেনে চলতে বলা হয়েছে।
নির্বাচন কমিশনের তরফে বলা হয়েছে, সমস্ত সরকারি অফিস, দফতর থেকে বিজ্ঞাপন, নির্বাচনী হোর্ডিং, পোস্টার সরিয়ে ফেলতে হবে। কোনও রাজনৈতিক দল বা প্রার্থী নির্বাচনের কাজে সরকারি গাড়ি ব্যবহার করতে পারবেন না। তা ছাড়া কমিশনের তরফে স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে, সরকারি কোষাগারের টাকায় কোনও রকম নির্বাচনী বিজ্ঞাপন দেওয়া যাবে না।

