ভবানী ভবনে পরেশকে তলব সিআইডি-র, তদন্তে সহযোগিতার আশ্বাস বিধায়কের

ক্যানিং : তিন বছর আগে, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনের হিংসা ও অশান্তির ঘটনায় এবার তৃণমূল কংগ্রেসের ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাসকে তলব করেছে সিআইডি। ভবানী ভবনে সিআইডি-র তদন্তকারী আধিকারিকের মুখোমুখি হওয়ার আগে তিনি জানান, তদন্তে তিনি পূর্ণ সহযোগিতা করবেন।

সোমবার সকালে ক্যানিংয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল বিধায়ক পরেশরাম দাস বলেন, “সিআইডি তদন্তকারী আধিকারিকের কাছ থেকে একটি নোটিস পেয়েছি এবং আজ ভবানী ভবনে হাজিরা দিতে বলা হয়েছে। ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনের সময় ক্যানিং-১ ব্লকের অধীন ক্যানিং পশ্চিমে কিছু গোলমাল ও অপ্রীতিকর ঘটনা ঘটেছিল। সেই ঘটনার প্রেক্ষিতে একটি মামলা দায়ের হয় এবং তারই তদন্তের জন্য আজ আমাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।”

তিনি আরও যোগ করেন, “আমি প্রয়োজনীয় সমস্ত নথিপত্র সঙ্গে নিয়েই যাচ্ছি। সিআইডি গোয়েন্দারা আমাকে যা যা প্রশ্ন করবেন, আমার জানা সমস্ত তথ্য তাঁদের সামনে তুলে ধরব এবং তদন্ত প্রক্রিয়ায় পুরোপুরি সহযোগিতা করব।” উল্লেখ্য, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্ব ও ভোটগ্রহণের সময় ক্যানিং এলাকায় ব্যাপক অশান্তি, বোমাবাজি ও গুলির ঘটনা ঘটেছিল। সেই সংক্রান্ত মামলার তদন্তেই বিধায়ককে তলব করে সিআইডি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 7 =