চোরবাগান দূর্ঘটনা : বেসরকারি হাসপাতালে স্থানান্তরের কারণেই ২৫ জন আহত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, মন্তব্য মুখ্যমন্ত্রীর

কলকাতা : উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গোৎসব মণ্ডপে মর্মান্তিক পদপিষ্টের ঘটনার পর আহতদের সরকারি হাসপাতাল থেকে বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা নিয়ে তৈরি হওয়া বিতর্কের মুখে মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার বাজেকদমতলা ঘাট পরিদর্শনে গিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানান, আহতদের বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল বলেই তাঁদের মধ্যে ২৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে যেতে পেরেছেন। সরকারি স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামোয় যে ঘাটতি রয়েছে, সেই বাস্তব সত্যটিও এদিন তিনি স্বীকার করে নেন।

উল্লেখ্য, গত ১৭ অক্টোবর মহাসপ্তমীর সন্ধ্যায় চোরবাগান পুজো মণ্ডপে উপচে পড়া ভিড় ও বিশৃঙ্খলার জেরে পদপিষ্ট হয়ে ১৯ জনের মর্মান্তিক মৃত্যু হয় এবং বহু মানুষ আহত হন। ঘটনার দিন আহতদের প্রথমে উদ্ধার করে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তাঁদের একাংশকে ইএম বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই রেফার বা স্থানান্তর প্রক্রিয়া ঘিরেই সেদিন প্রশ্ন তোলে কলকাতা মেডিক্যালের জুনিয়র চিকিৎসকদের একাংশ। চিকিৎসকদের একাংশের বক্তব্য ছিল, রাজ্যের শীর্ষস্থানীয় সরকারি হাসপাতাল থেকে রোগী স্থানান্তরের অর্থ কি স্বাস্থ্য পরিকাঠামোর ব্যর্থতা স্বীকার করে নেওয়া?

এই প্রসঙ্গে বুধবার মুখ্যমন্ত্রী বলেন, “অনেকে বলছিলেন, মেডিক্যাল কলেজ থেকে আহতদের নিয়ে যাওয়া হলো। তবে কি স্বাস্থ্য ব্যবস্থা ব্যর্থ? হ্যাঁ, মেডিক্যাল কলেজে যে হেলথ সিস্টেম ছিল, প্রাইভেটে নিয়ে গিয়েছিলাম বলেই ২৫ জন লোক সুস্থ হয়ে বাড়ি ফিরে গেলেন। সরকারি হাসপাতালের ব্যবস্থায় তো কম ঘাটতি নেই।”

একই সঙ্গে এই মর্মান্তিক দুর্ঘটনার তীব্র নিন্দা করে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন, “সে দিন মুহূর্তের মধ্যে ঘটনাটি ঘটেছে। তবে একে ক্ষমার অযোগ্য ভুল বলব। আমাদের সহনাগরিক ১৯ জন মারা গিয়েছেন, এর কোনো ক্ষমা হয় না। এর পূর্ণাঙ্গ ফ্যাক্ট ফাইন্ডিং হবে এবং কঠোর ব্যবস্থাও নেওয়া হবে। কলকাতা পুলিশের ডিডি এই ঘটনার তদন্ত করছে। এ ছাড়া অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং আজ তার নোটিফিকেশনও হচ্ছে। আমরা বিষয়টি সম্পূর্ণ ফুলপ্রুফ বা ত্রুটিহীন রাখতে চাইছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + 5 =