কলকাতা : চিটফান্ড কেলেঙ্কারির একটি মামলায় দীর্ঘ সময় ধরে পলাতক থাকার পর অভিযুক্ত তনময় মৃধাকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)। শুক্রবার এই গ্রেফতারির খবর নিশ্চিত করে সিবিআই জানিয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশে ২০২০ সালের ২৩ জুন পশ্চিমবঙ্গ এবং ওড়িশায় চিটফান্ড সংক্রান্ত মামলাগুলোর তদন্তভার গ্রহণের পর এই মামলাটি রুজু করা হয়েছিল।
সিবিআই সূত্রে জানা গেছে, ধৃত অভিযুক্ত ‘এক্সপ্রেস কালটিভেশন লিমিটেড, কলকাতা’-র ডিরেক্টর। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি সহযোগীদের সঙ্গে মিলে সাধারণ মানুষকে মোটা টাকা মুনাফার প্রলোভন দেখিয়ে প্রায় ২.১০ কোটি টাকা সংগ্রহ করেছিলেন এবং পরবর্তীতে সেই অর্থ আত্মসাৎ করেন।
তদন্ত শেষে সিবিআই ২০২২ সালের ৪ ফেব্রুয়ারি এই মামলায় চার্জশিট পেশ করেছিল। তবে অভিযুক্ত ব্যক্তি তদন্তে সহযোগিতা না করে লাগাতার পলাতক থাকায় তাঁকে ‘ঘোষিত অপরাধী’ হিসেবে চিহ্নিত করা হয়। এরপর কলকাতার অতিরিক্ত মুখ্য মহানগর বিচারকের আদালত তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
সিবিআই আরও জানিয়েছে যে, লাগাতার নজরদারি এবং গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে ২৯ জানুয়ারি নদিয়া জেলার ব্রহ্মানগর এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

