হাওড়া : বুধবার প্রকাশ পেল অন্নপূর্ণা যোজনার আবেদনপত্র। জুন মাসের গোড়া থেকেই এই যোজনা চালু হলেও, যাচাইয়ের ভিত্তিতে উপভোক্তা হিসাবে নাম নথিবদ্ধ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ৯০ দিনের জন্য প্রাথমিক ভাবে এই ফর্ম পূরণ প্রক্রিয়া চলবে।
গ্রাম স্তরে বাড়ি বাড়ি গিয়ে এই কাজ করবেন সরকারি আধিকারিকেরা। তবে, যতদিন অন্নপূর্ণা যোজনার যাচাই বা চূড়ান্ত নথিভুক্তির কাজ চলবে, ততদিন পাওয়া যাবে লক্ষ্মীর ভান্ডার। অন্নপূর্ণা যোজনায় নথিভুক্ত হওয়ার পরে তিন হাজার টাকা করে পাওয়া যাবে। পুরসভা এলাকাভিত্তিক এবং আগামী মাসের মাঝামাঝি তিন দিন ধরে চলা জনকল্যাণ শিবিরেও এই সুবিধা মিলবে। অন্নপূর্ণা যোজনার তথ্য সংগ্রহের সঙ্গে পারিবারিক তথ্যও সংগ্রহ করা হবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
বুধবার নবান্নে তিনি জানান, এ কাজে সকলের সহযোগিতা দরকার। রাজ্য এবং কেন্দ্রের একাধিক প্রকল্পে উপভোক্তাদের যুক্ত করা হবে বলে এই সিদ্ধান্ত।
মুখ্যমন্ত্রী জানান, সরকারি উপভোক্তা তালিকায় বিস্তর গরমিল রয়েছে। তাই পুরো যাচাই জরুরি। মুখ্যমন্ত্রী এ দিন বলেন, আমরা ভেবেছিলাম তালিকা ভেরিফায়েড। কিন্তু অনেক অভিযোগ এসেছে। ভুয়ো প্রাপক, অভারতীয়দের বাদ দেওয়া হবেই। স্বচ্ছতা বজায় রাখতে উপযুক্তদের টাকা দেওয়া হবে। এই স্কিম তাদেরই।

