কাকদ্বীপকে পৃথক জেলা করার আশ্বাস মুখ্যমন্ত্রীর, ২০২৯ সালে মুড়িগঙ্গা সেতু উদ্বোধনের ঘোষণা

কাকদ্বীপ : সুন্দরবনের সার্বিক উন্নয়ন, গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা এবং কাকদ্বীপকে পৃথক জেলা করার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। শনিবার কাকদ্বীপে এক সভা থেকে সুন্দরবনের উন্নয়নে একাধিক পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। একইসঙ্গে মুড়িগঙ্গা নদীর উপর সেতু নির্মাণের কাজ শেষ করে ২০২৯ সালে উদ্বোধনের লক্ষ্যমাত্রার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

সভায় মুখ্যমন্ত্রী বলেন, অবহেলিত সুন্দরবনকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে চায় তাঁর সরকার। সুন্দরবন উন্নয়ন দফতরের পরিষেবা এলাকার প্রত্যন্ত প্রান্তে পৌঁছে দেওয়ার পাশাপাশি আগামী কয়েক মাসের মধ্যে ব্যাপক উন্নয়নের কাজ করা হবে। তাঁর অভিযোগ, আগের সরকার উন্নয়নের জন্য বরাদ্দ অর্থের যথাযথ ব্যবহার করেনি এবং সেই অর্থের বড় অংশে দুর্নীতি হয়েছে।

সুন্দরবনের যোগাযোগ ও পরিকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, জলনিকাশি ব্যবস্থার উন্নতি, কালভার্ট নির্মাণ এবং যাতায়াতের সুবিধার জন্য পন্টুন জেটি তৈরি করা হবে। পর্যটন ও কৃষিক্ষেত্রের উন্নয়নেও একাধিক উদ্যোগ নেওয়া হচ্ছে। এদিন এলাকার কৃষকদের হাতে বিভিন্ন পরিষেবাও তুলে দেওয়া হয়।

মুড়িগঙ্গা নদীর উপর সেতু প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ২০২৯ সালে এই সেতুর উদ্বোধন করা হবে। তাঁর দাবি, আগের সরকার সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিলেও জমি অধিগ্রহণ ও ডিটেল প্রজেক্ট রিপোর্ট তৈরির মতো প্রয়োজনীয় কাজ করেনি। পাশাপাশি এই জেলায় নতুন করে ৪ লক্ষ ৮১ হাজার ২৪২টি বাড়ি নির্মাণের ঘোষণা করেন তিনি। তাঁর আশ্বাস, কোনও কাঁচা বাড়ি থাকবে না। বাড়ি তৈরির প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে তিনি বলেন, অতীতে গোয়ালঘর দেখিয়েও বাড়ির টাকা নেওয়া হয়েছে।

স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে এলাকার মানুষকে আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার আওতায় আনার কথা বলেন তিনি। কাকদ্বীপের শরণার্থী পরিবারগুলিকে দ্রুত সিএএ শংসাপত্র দেওয়ার জন্য মহকুমা শাসককে নির্দেশ দেওয়ার কথাও জানান মুখ্যমন্ত্রী। নেশার সামগ্রী পাচার ও বেআইনি বিক্রি রুখতে প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেন। পাশাপাশি ১৮ বছরের আগে মেয়েদের বিয়ে না দেওয়ার আবেদন জানান তিনি।

রাজনৈতিক বক্তব্যে আগের সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। আমফানের ত্রাণের টাকা আত্মসাৎ এবং ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসার অভিযোগ নিয়ে মানুষকে অভিযোগ জানানোর আহ্বান জানান তিনি। কাকদ্বীপের সূর্যনগরে মা কালীর মূর্তি প্রিজন ভ্যানে তোলার প্রসঙ্গেও বক্তব্য রাখেন তিনি।

মুখ্যমন্ত্রী জানান, আগামী ১০ জানুয়ারি গঙ্গাসাগর মেলার উদ্বোধন করতে আসবেন তিনি। গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পাশাপাশি সুন্দরবনকে মডেল হিসেবে গড়ে তোলার আশ্বাস দেন। একইসঙ্গে কাকদ্বীপকে পৃথক জেলা করার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *