সুমন মন্ডল, ঘাটাল : দাসপুরের চেতনা পাবলিক স্কুলের উদ্যোগে ঘাটাল মহকুমার মেধাবী ও আর্থিকভাবে পিছিয়ে থাকা ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হলো স্কলারশিপ ও ল্যাপটপ। চেতনা পাবলিক স্কুলের চেয়ারম্যান এস এস আলমের উদ্যোগে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।এদিন ঘাটাল মহকুমার বিভিন্ন প্রান্তের প্রায় ২৫০ জন ছাত্রছাত্রীর হাতে স্কলারশিপ তুলে দেওয়া হয়।
পাশাপাশি পূর্বে স্কলারশিপ পাওয়া আরও ২৫০ জন পড়ুয়ার স্কলারশিপও রিনিউ করা হয়েছে।চেতনা পাবলিক স্কুলের চেয়ারম্যান এস এস আলম ছোটবেলায় আর্থিক সমস্যার কারণে তিনি নিজে পড়াশোনা চালিয়ে যেতে পারেননি। পরবর্তীতে ব্যবসায়িক ক্ষেত্রে সফল হওয়ার পর থেকেই মেধাবী অথচ আর্থিকভাবে অসচ্ছল ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন তিনি। ঘাটাল মহকুমার কোনও মেধাবী পড়ুয়া যেন শুধুমাত্র অর্থের অভাবে পড়াশোনা থেকে পিছিয়ে না পড়ে, সেই লক্ষ্যেই এই উদ্যোগ।
এস এস আলম বলেন, “ঘাটাল মহকুমার মেধাবী ও দুস্থ ছাত্রছাত্রীরা যাতে জীবনে প্রতিষ্ঠিত হতে পারে এবং দেশের শীর্ষস্থানে পৌঁছতে পারে, তাদের উৎসাহ ও প্রেরণা দেওয়াই আমার লক্ষ্য। শুধু আজ ২৫০ জনকে স্কলারশিপ দেওয়া নয়, পুরনো আরও ২৫০ জনের স্কলারশিপ রিনিউ করা হয়েছে। ভবিষ্যতেও পড়ুয়াদের পাশে দাঁড়াতে যা প্রয়োজন, সেই অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করব।”অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেতনা পাবলিক স্কুলের চেয়ারম্যান এস এস আলম, শ্যামপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক হীরণময়ী চট্টোপাধ্যায় ,ঘাটাল বিধানসভার বিধায়ক শীতল কপাট, দাসপুর বিধানসভার বিধায়ক তপন দত্ত, চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক সুকান্ত দোলুই,হিমাদ্রি শেখর ঘোষ (এডিআই) সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।চেতনা পাবলিক স্কুলের এই উদ্যোগে মেধাবী ও আর্থিকভাবে পিছিয়ে থাকা পড়ুয়াদের মধ্যে উৎসাহ দেখা যায়।

