এশিয়ান গেমসের মহিলা ক্রিকেটে দাপুটে জয় তুলে সেমিফাইনালে পৌঁছে গেল ভারত। শুক্রবার নিশিনে আয়োজক জাপানকে আট উইকেটে হারিয়ে শেষ চারে জায়গা করে নিল হরমনপ্রীত কৌরের দল। জয়ের জন্য ৫৮ রানের লক্ষ্য ছিল ভারতের সামনে। সেই রান তুলতে মাত্র পাঁচ ওভার সময় নেয় ভারত।
টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন হরমনপ্রীত। শুরুতে ভারতীয় বোলারদের সামলে সাবধানে এগোতে থাকে জাপান। পাওয়ার প্লে-তে কোনও উইকেট না হারিয়ে ২৪ রান তুলে লড়াইয়ে থাকার চেষ্টা করেছিল তারা। কিন্তু ভারতীয় স্পিনাররা আক্রমণে আসতেই দ্রুত বদলে যায় ম্যাচের চিত্র। নিয়ন্ত্রিত বোলিং এবং দুর্দান্ত স্পিনের সামনে একের পর এক উইকেট হারাতে থাকে জাপান। শেষ পর্যন্ত ১৯.৫ ওভারে মাত্র ৫৭ রানে অলআউট হয়ে যায় আয়োজক দল।
ভারতের হয়ে বল হাতে ঝড় তোলেন শ্রী চারানি। চার ওভারে মাত্র ১০ রান দিয়ে চারটি উইকেট তুলে নেন তিনি। শেফালি ভার্মা নেন দু’টি উইকেট। শ্রেয়াঙ্কা পাটিল এবং দীপ্তি শর্মার দখলেও যায় একটি করে উইকেট। জাপানের হয়ে সর্বোচ্চ রান করেন ওপেনার আয়াকা কাতো স্ট্যাফোর্ড। ৪৭ বলে ২৫ রান করেন তিনি।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করেন শেফালি। প্রথম ওভারেই আহিল্যা চন্দেলের বলে চারটি চার মেরে ১৭ রান তুলে নেন তিনি। যদিও পরের ওভারের প্রথম বলেই গুনালান কামালিনী শূন্য রানে ফিরে যান। তিন নম্বরে নেমে ভারতী ফুলমালিও ৬ রান করে আউট হন। কিন্তু পরপর দুই উইকেট পড়লেও শেফালির ব্যাটিংয়ে কোনও ছেদ পড়েনি।
শেষ পর্যন্ত মাত্র ১৫ বলে অপরাজিত ৪০ রান করে ম্যাচ শেষ করেন শেফালি। তাঁর ইনিংসে ছিল ছয়টি চার এবং দু’টি ছক্কা। অন্য প্রান্তে ৬ বলে ১২ রান করে অপরাজিত থাকেন রিচা ঘোষ। ৯০ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে ভারত। সেমিফাইনালে রবিবার বাংলাদেশের মুখোমুখি হবে তারা। বাংলাদেশের সঙ্গে চিনের কোয়ার্টার ফাইনাল বৃষ্টিতে একটি বলও না গড়িয়ে পরিত্যক্ত হওয়ায়, র্যা ঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে শেষ চারে পৌঁছেছে বাংলাদেশ।

