১৬টি কম্বিনেশন ওষুধ নিষিদ্ধ করল কেন্দ্র, উৎপাদন-বিক্রিতে অবিলম্বে নিষেধাজ্ঞা

নয়াদিল্লি : জনস্বাস্থ্যের স্বার্থে নির্দিষ্ট মাত্রার ওষুধের সংমিশ্রণে (ফিক্সড ডোজ কম্বিনেশন বা এফডিসি) তৈরি ১৬টি ওষুধের উৎপাদন, বিক্রি ও মানবদেহে ব্যবহার অবিলম্বে নিষিদ্ধ করল কেন্দ্রীয় সরকার। নিষিদ্ধ তালিকায় রয়েছে ত্বকের পরিচর্যার কয়েকটি ওষুধ, ব্যথানাশক, খিঁচুনি ও পেটের মাংসপেশির সংকোচন কমানোর ওষুধ এবং একাধিক অ্যান্টিবায়োটিকের সংমিশ্রণ।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক ওষুধ ও প্রসাধনী আইন, ১৯৪০-এর ২৬এ ধারায় জারি করা পৃথক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা কার্যকর করেছে। ইতিমধ্যেই সব রাজ্যের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা, সংশ্লিষ্ট নিয়ন্ত্রক কর্তৃপক্ষ এবং প্রয়োগকারী সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে সিদ্ধান্তটি কঠোরভাবে কার্যকর করা হয়। একইসঙ্গে ওষুধ প্রস্তুতকারক, আমদানিকারক, পরিবেশক ও সংশ্লিষ্ট সব পক্ষকে আইন মেনে প্রয়োজনীয় সংশোধনী পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এফডিসি বা ফিক্সড ডোজ কম্বিনেশন হল এমন ওষুধ, যেখানে একটি ট্যাবলেট বা ক্যাপসুলে নির্দিষ্ট অনুপাতে দুই বা তার বেশি সক্রিয় ওষুধ একসঙ্গে মেশানো থাকে। চিকিৎসা সহজ করা, ওষুধের সংখ্যা কমানো এবং রোগীর চিকিৎসা মেনে চলার প্রবণতা বাড়ানোর উদ্দেশ্যেই সাধারণত এই ধরনের ওষুধ ব্যবহার করা হয়। বিশেষ করে যেসব রোগে একাধিক ওষুধের প্রয়োজন হয়, সেখানে এগুলির ব্যবহার বেশি।

নিষিদ্ধ ১৬টি সংমিশ্রণের মধ্যে রয়েছে— অ্যাসিটাইল স্যালিসিলিক অ্যাসিড-এথোহেপ্টাজিন; অ্যালোভেরা এক্সট্র্যাক্ট-অ্যালানটোইন-আলফা টোকোফেরল অ্যাসিটেট-ডি-প্যানথেনল-ভিটামিন এ; অ্যালোভেরা-ভিটামিন ই-ডাইমেথিকোন-গ্লিসারিন; অ্যালোভেরা-জোজোবা অয়েল-ভিটামিন ই; অ্যালোভেরা-অরেঞ্জ অয়েল; অ্যালোভেরা-জোজোবা অয়েল-হুইট জার্ম অয়েল-টি ট্রি অয়েল; অ্যালোভেরা-ভিটামিন ই-হার্বাল; ডাইসাইক্লোমিন-প্যারাসিটামল-ক্লিডিনিয়াম ব্রোমাইড; ডাইসাইক্লোমিন-প্যারাসিটামল-ক্লিডিনিয়াম ব্রোমাইড-ক্লোরডায়াজেপক্সাইড; গ্লিক্লাজাইড-ক্রোমিয়াম পিকোলিনেট; প্যারাসিটামল-লিগনোকেন; অ্যামক্সিসিলিন-সেরাটিওপেপটিডেজ-ল্যাক্টোব্যাসিলাস স্পোরোজেনস; অ্যামক্সিসিলিন-ক্লক্সাসিলিন-ল্যাকটিক অ্যাসিড ব্যাসিলাস-সেরাটিওপেপটিডেজ; অ্যামক্সিসিলিন-সেরাটিওপেপটিডেজ; সেফাড্রক্সিল-প্রোবেনেসিড এবং সেফিউরোক্সিম-সেরাটিওপেপটিডেজ।

সুপ্রিম কোর্টের নির্দেশে ড্রাগ টেকনিক্যাল অ্যাডভাইজরি বোর্ড (ডিটিএবি) বিভিন্ন এফডিসি ওষুধের বৈজ্ঞানিক মূল্যায়নের জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছিল। চিকিৎসাগতভাবে অযৌক্তিক, পর্যাপ্ত বৈজ্ঞানিক ভিত্তিহীন বা মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর সংমিশ্রণগুলি চিহ্নিত করাই ছিল ওই কমিটির দায়িত্ব। বিশেষজ্ঞ কমিটির সুপারিশের ভিত্তিতেই এই ১৬টি এফডিসি ওষুধের উপর নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − six =