ত্বিশা শর্মা মৃত্যু মামলায় অবসরপ্রাপ্ত বিচারপতি গিরিবালা সিংয়ের বাড়িতে সিবিআই,চলছে জিজ্ঞাসাবাদ

ভোপাল: মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের চর্চিত অভিনেত্রী ত্বিশা শর্মার রহস্যমৃত্যুর তদন্তে বৃহস্পতিবার সকালে অবসরপ্রাপ্ত বিচারপতি গিরিবালা সিংয়ের বাড়িতে পৌঁছয় সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই)-এর দল। বর্তমানে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি গিরিবালার বাড়িতে উচ্চক্ষমতাসম্পন্ন থ্রি-ডি ক্যামেরা বসিয়ে বাড়ির প্রতিটি অংশের ৩৬০ ডিগ্রি রেকর্ডিং এবং দেওয়ালের উচ্চতা-সহ বিভিন্ন তথ্য সংগ্রহ করা হচ্ছে।

বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ কড়া নিরাপত্তার মধ্যে ভোপালের কাটারা হিলস এলাকায় অবস্থিত গিরিবালা সিংয়ের বাড়িতে প্রবেশ করে সিবিআই দল। তদন্তকারীরা ঘটনাসংশ্লিষ্ট বিভিন্ন প্রমাণ খতিয়ে দেখার পাশাপাশি গোটা বাড়ির বিস্তারিত ম্যাপিংয়ের কাজ শুরু করেন। এরপর থেকেই দিল্লি থেকে আসা বিশেষ পুলিশ দল চারদিক থেকে বাড়িটি ঘিরে রেখেছে।

সূত্রের খবর, মামলার সংবেদনশীলতা এবং অবসরপ্রাপ্ত বিচারপতির প্রভাবশালী পরিচয়ের কথা মাথায় রেখে অত্যন্ত সতর্কতার সঙ্গে পদক্ষেপ করছে সিবিআই। আইনি প্রক্রিয়া ও জিজ্ঞাসাবাদের সময় কোনও বিতর্ক এড়াতে দিল্লি ইউনিট থেকে মহিলা পুলিশকর্মীদের বিশেষ দলও ভোপালে মোতায়েন করা হয়েছে।

গিরিবালা সিংয়ের বাড়িতে পৌঁছনোর প্রায় দেড় ঘণ্টা পরে সিবিআই দলের দুই সদস্য বাইরে বেরিয়ে আসেন। সেই সময় সাংবাদিকরা তাঁদের কাছে কিছু তথ্য জানতে চাইলে তাঁরা কোনও মন্তব্য না করে গাড়ি থেকে তিনটি ব্যাগ নিয়ে ফের ভিতরে প্রবেশ করেন।

উল্লেখ্য, ত্বিশা শর্মার রহস্যমৃত্যু মামলার মূল অভিযুক্ত সমর্থ সিং ইতিমধ্যেই সিবিআই হেফাজতে রয়েছে। আদালতের নির্দেশে তাঁর রিমান্ড ২৯ মে পর্যন্ত রয়েছে। সমর্থকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতেই গিরিবালা সিংয়ের বিরুদ্ধে তদন্ত আরও জোরদার হয়েছে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, মধ্যপ্রদেশ হাইকোর্ট বুধবার গভীর রাতে গিরিবালা সিংয়ের অগ্রিম জামিন খারিজ করে দেয়। আদালত ১৭ পাতার নির্দেশে জানায়, মামলার প্রাথমিক প্রমাণ এবং তদন্তের স্বার্থে হেফাজতে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। এর পর থেকেই গিরিবালা সিংয়ের গ্রেফতারি কার্যত নিশ্চিত বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + nineteen =