কলকাতা : তিলজলায় বুলডোজার দিয়ে বাড়ি ভাঙার ক্ষেত্রে আপাতত স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজা বসু চৌধুরী। আদালতের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, যে অংশ ভাঙা হয়েছে সেটির অবস্থা যদি বিপজ্জনক হয়, সেক্ষেত্রে বাড়ির মালিকের সঙ্গে আলোচনা করে ভাঙতে পারবে পুরসভা।
তবে আইন মেনে সব পদক্ষেপ করতে হবে পুলিশ ও পুরসভাকে। বিচারপতির পর্যবেক্ষণ, একে তো ওই বহুতলের কোনও অনুমোদিত নকশা দেখাতে পারেনি মালিকপক্ষ। আবার বাড়িটিতে ঠিক কী ব্যবসা হত, সেই সংক্রান্ত নথিও দেখাতে পারেনি মালিকপক্ষ। তাই আপাতত কোনও ব্যবসা চালানো যাবে না।
এদিনের শুনানিতে বেশ আশঙ্কার সুরে বিচারপতি বলেন, “বাঙের ছাতার (মাশরুম) মতো অবৈধ নির্মাণ হচ্ছে। এটা বিপর্যয় ডেকে আনবে।”

