উত্তর ২৪ পরগনা :- উত্তর ২৪ পরগনার পানিহাটিতে প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের বাড়ি লক্ষ্য করে শনিবার গভীর রাতে বোমাবাজির ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিবারের অভিযোগ, মুখ ঢেকে মোটরবাইকে করে আসা কয়েকজন দুষ্কৃতী বাড়ির সামনে এসে পরপর তিনটি বোমা ছুড়ে পালিয়ে যায়।বোমার বিকট শব্দে পরিবারের সদস্যরা ঘর থেকে বেরিয়ে আসেন।
স্থানীয় বাসিন্দারাও শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন। যদিও এই ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি, তবে বিস্ফোরণের জেরে এলাকায় তীব্র আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। ঘটনার পর নির্মল ঘোষের পরিবারের সদস্যরা নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।খবর পেয়ে খড়দহ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।
পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখে বিস্ফোরণের নমুনা সংগ্রহ করেছে এবং আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। কারা এই হামলার সঙ্গে জড়িত এবং কী উদ্দেশ্যে এই বোমাবাজি করা হয়েছে, তা জানার চেষ্টা চলছে।পুলিশ জানিয়েছে, পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

