ইমেলে বোমা বিস্ফোরণের হুমকি! দিল্লির একাধিক স্কুলে ছড়ালো চাঞ্চল্য

নয়াদিল্লি : ফের ইমেলের মাধ্যমে বোমা হামলার হুমকি ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল রাজধানী দিল্লির একাধিক স্কুলে। সোমবার সকালে হুমকির বার্তা পাওয়ার পরই স্কুল চত্বর জুড়ে শুরু হয় কড়া তল্লাশি অভিযান। তড়িঘড়ি মোতায়েন করা হয় বম্ব ডিসপোজাল স্কোয়াড, ডগ স্কোয়াড এবং দমকল বাহিনীকে।

দিল্লি পুলিশ ও দমকল সূত্রে খবর, দিল্লির চাণক্যপুরীর নেভি চিলড্রেন স্কুল-সহ একাধিক নামী শিক্ষা প্রতিষ্ঠানের অফিশিয়াল ইনবক্সে হুমকি বার্তা পাঠানো হয়। মেল আসতেই স্কুল কর্তৃপক্ষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রোটোকল মেনে দ্রুত খবর দেওয়া হয় স্থানীয় পুলিশ ও দিল্লি ফায়ার সার্ভিসে।

খবর পেয়েই দমকলের গাড়ি ও পুলিশের বিশাল বাহিনী নেভি চিলড্রেন স্কুলে পৌঁছয়। পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকাদের সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে শুরু হয় চিরুনি তল্লাশি। ক্লাসরুম, করিডোর, খেলার মাঠ এবং সংলগ্ন এলাকাগুলি ডগ স্কোয়াড দিয়ে পরীক্ষা করা হচ্ছে। স্কুল চত্বরের বাইরে ভিড় জমিয়েছেন উদ্বিগ্ন অভিভাবকেরা।

প্রাথমিক তদন্তে সন্দেহ করা হচ্ছে, জনমানসে আতঙ্ক তৈরি করতেই ভুয়ো উদ্দেশ্যে এই হুমকি ইমেল পাঠানো হয়ে থাকতে পারে। তবে সুরক্ষার খাতিরে কোনও ঝুঁকি নিচ্ছে না প্রশাসন। সংশ্লিষ্ট ইমেলটি কোন আইপি অ্যাড্রেস থেকে পাঠানো হয়েছে এবং এর নেপথ্যে কোনও আন্তর্জাতিক বা দেশীয় চক্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে সাইবার সেল। শেষ পাওয়া খবর অনুযায়ী, তল্লাশিতে এখনও সন্দেহজনক কোনও বস্তুর হদিস মেলেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 14 =