দুর্গাপুর : নির্বাচনের প্রাক্কালে দুর্গাপুরের ইস্পাত নগরীতে বিজেপি কর্মীর বাড়ির সামনে বোমা ছোড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার রাত প্রায় ন’টা নাগাদ ইস্পাত নগরীর রানা প্রতাপ রোড এলাকায় এই ঘটনা ঘটে। ওই এলাকায় থাকেন দুর্গাপুর পূর্ব এক নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক শাশ্বতী গিরি।
অভিযোগ, অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা তাঁর বাড়ির সামনে বোমা ছুড়ে পালিয়ে যায়। বিকট শব্দে আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা।খবর পেয়ে দুর্গাপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।
পরিবারের প্রবীণ সদস্যা রিনা নন্দী জানান, তাঁর মেয়ে বিজেপি করেন এবং বাড়িতে দলীয় কর্মীদের যাতায়াত রয়েছে। তবে কী কারণে এই হামলা, তা তাঁদের বোধগম্য নয়। কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাও তাঁরা দেখতে পাননি বলে জানান তিনি।শনিবার বিজেপির জেলা সহ-সভাধিপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, নির্বাচনের আগে বিজেপি কর্মীদের ভয় দেখিয়ে কোনও লাভ হবে না।
যদিও স্থানীয় তৃণমূল নেতা রাজীব ঘোষ অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে দাবি করেন, শাশ্বতী গিরি বিজেপি করেন-এ তথ্যই তাঁর জানা নেই। বিজেপি নেত্রী শাশ্বতী গিরি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আবেদন করেছেন।

