ফলতা : আঁটোসাঁটো নিরাপত্তার মধ্যে দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা আসনে পুনর্নির্বাচনের ভোটগণনা শুরু হয়েছে। পুনর্নির্বাচনের গণনাকে কেন্দ্র করে ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এই কেন্দ্রে ভোটের সময় মোতায়েন ছিল ৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। গণনাতেও জওয়ানেরা রয়েছেন।
ফলতা থেকে বিজেপির টিকিটে লড়ছেন আইনজীবী দেবাংশু পান্ডা। এ ছাড়া, সিপিএম প্রার্থীর নাম শম্ভু কুড়মি এবং কংগ্রেস টিকিট দিয়েছে আব্দুল রেজ্জাক মোল্লাকে। পুনর্নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে ভোটের ময়দান থেকে সরে দাঁড়ান তৃণমূল কংগ্রেসের জাহাঙ্গির খান।
ফলতায় প্রথম রাউন্ডের গণনা শেষে ন’হাজার ভোটে এগিয়ে বিজেপি। দ্বিতীয় স্থানে রয়েছে সিপিএম। তৃতীয় স্থানে কংগ্রেস এবং চতুর্থ স্থানে রয়েছে তৃণমূল। বিজেপি প্রার্থী পেয়েছেন ৯৫৩৪টি ভোট। সিপিএম, কংগ্রেস ও তৃণমূলের প্রাপ্ত ভোট যথাক্রমে ৪৪৮, ২২৫ এবং ২১০। ফলতায় দ্বিতীয় রাউন্ডের গণনা শেষে বিজেপি এগিয়ে ১২,৫৬৩ ভোটে।
রাজ্যে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় গত ২৯ এপ্রিল ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছিল। কিন্তু, বহু ভোটকেন্দ্রে অনিয়মের অভিযোগ ওঠায় গোটা বিধানসভা কেন্দ্রেরই ভোটগ্রহণ বাতিল করে দেয় নির্বাচন কমিশন।

