নয়াদিল্লি : দীর্ঘ ছয় বছরের ব্যবধান কাটিয়ে আনুষ্ঠানিকভাবে এনডিএ জোটে ফিরে এল শিরোমণি অকালি দল। আগামী ২০২৭ সালের পঞ্জাব বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি এবং শিরোমণি অকালি দল একসঙ্গে জোট বেঁধে প্রতিদ্বন্দ্বিতা করবে। মঙ্গলবার নয়াদিল্লিতে বিজেপির সদর দফতরে এক যৌথ সাংবাদিক সম্মেলনে এই জোটের আনুষ্ঠানিক ঘোষণা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
জোট ঘোষণার প্রাক্কালে নয়াদিল্লির বিজেপি সদর দফতরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন এবং দলের অন্যান্য শীর্ষ নেতৃত্ব শিরোমণি অকালি দলের সভাপতি সুখবীর সিং বাদলকে সংবর্ধনা জানান।
এরপর আনুষ্ঠানিকভাবে বিজেপি-অকালি দল জোটের কথা ঘোষণা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, “আমাদের সর্বভারতীয় সভাপতির নেতৃত্বে আজ তাঁর কক্ষে একটি বৈঠক সম্পন্ন হয়েছে, যেখানে শিরোমণি অকালি দল এবং ভারতীয় জনতা পার্টি—উভয় দলেরই শীর্ষ নেতারা একসঙ্গে বসে সিদ্ধান্ত নিয়েছেন যে, আগামী পঞ্জাব বিধানসভা নির্বাচনে বিজেপি এবং অকালি দল যৌথভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে। সেই সঙ্গে আজ থেকেই অকালি দল এনডিএ-র একজন আনুষ্ঠানিক শরিক দল হিসেবে রাজনীতিতে কাজ করবে।”
উল্লেখ্য, ২০২০ সালের সেপ্টেম্বরে কৃষি আইনের বিরোধিতা করে বিজেপির সঙ্গে দীর্ঘ ২৪ বছরের জোট ভেঙে বেরিয়ে এসেছিল শিরোমণি অকালি দল। গুরু নানক দেব জির প্রকাশ পর্বের পবিত্র দিনে দুই দলের এই পুনর্মিলন পঞ্জাবের আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্য রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

